অস্ট্রেলিয়ায় কোহলি ৩২ ইনিংসে পাঁচটি সেঞ্চুরি করেছেন, যেখানে সাঙ্গাকারা অস্ট্রেলিয়া সফরে ৪৯ ইনিংসে পাঁচটি সেঞ্চুরি করেছেন। অস্ট্রেলিয়ায় ৩৩ ইনিংসে এটি ছিল রোহিতের ষষ্ঠ সেঞ্চুরি।

রোহিত শর্মা
শেষ আপডেট: 25 October 2025 18:15
দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে (Australia vs India, Third ODI) ভারতীয় ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma) দুর্দান্ত ব্যাটিং করে সেঞ্চুরি হাঁকান। মাত্র ১০৫ বলে রোহিত তাঁর ৩৩তম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন। কোহলি এবং রোহিত দ্বিতীয় উইকেটে অপরাজিত ১৬৮ রানের জুটি গড়েন। এই দুই ব্যাটারের দাপটে ভারত তৃতীয় ওয়ান ডে-তে অস্ট্রেলিয়াকে নয় উইকেটে পরাজিত করে। এই ইনিংসের মাধ্যমে রোহিত অস্ট্রেলিয়ায় ওয়ান ডে-তে সর্বোচ্চ রান করা বিদেশি ব্যাটার হয়ে উঠেছেন।
টসে জিতে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ভারতকে জয়ের জন্য ২৩৭ রানের লক্ষ্যমাত্রা দেয়। ৪৬.৪ ওভারে ২৩৬ রানে অলআউট হয়ে যায় অজিরা। রোহিত ও কোহলির জুটির উপর ভিত্তি করে ভারত ৩৮.৩ ওভারে এক উইকেটে ২৩৭ রান করে ম্যাচ জিতে নেয়। লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত শর্মা ও অধিনায়ক শুভমান গিল ভারতকে ভাল শুরু এনে দেন প্রথম উইকেটে ৬৯ রানের জুটি গড়ে। তারপর বিরাটকে সঙ্গে নিয়ে বাকি কাজটুকু করে দেন হিটম্যান।
রোহিত এদিন প্রথমে তাঁর ওয়ান ডে কেরিয়ারের ৬০তম অর্ধশতক পূর্ণ করেন এবং তারপর দুর্দান্ত ইনিংস খেলে সেঞ্চুরি করেন। এই সেঞ্চুরির মাধ্যমে রোহিত বেশ কিছু নজির গড়েছেন। অস্ট্রেলিয়ায় সর্বাধিক সেঞ্চুরি করা বিদেশি ব্যাটারও (Highest ODI Century in Australia) হয়ে উঠেছেন রোহিত। এই ক্ষেত্রে তিনি কোহলি এবং কুমার সাঙ্গাকারাকে পিছনে ফেলেছেন। অস্ট্রেলিয়ায় কোহলি ৩২ ইনিংসে পাঁচটি সেঞ্চুরি করেছেন, যেখানে সাঙ্গাকারা অস্ট্রেলিয়া সফরে ৪৯ ইনিংসে পাঁচটি সেঞ্চুরি করেছেন। অস্ট্রেলিয়ায় ৩৩ ইনিংসে এটি ছিল রোহিতের ষষ্ঠ সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটি রোহিতের নবম সেঞ্চুরি এবং এই দলের বিরুদ্ধে সর্বাধিক সেঞ্চুরি করার ক্ষেত্রে তিনি সচিন তেন্ডুলকরের সমান হলেন।