এই মুহূর্তে ভারতীয় শিবির রোহিতের পাশে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে সময় খুব বেশি অপেক্ষা করে না—পরের সিরিজেই তাই মূল ফোকাস থাকবে তাঁর ব্যাটের দিকে।
.jpeg.webp)
শুভমান গিল
শেষ আপডেট: 19 January 2026 10:48
দ্য ওয়াল ব্যুরো: সিরিজ হার। ঘরের মাঠে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতল নিউজিল্যান্ড। তার মধ্যেই আলোচনার কেন্দ্রে চলে এলেন রোহিত শর্মা (Rohit Sharma)। তিন ম্যাচে ব্যাট হাতে ব্যর্থতা স্পষ্ট—৩ ইনিংসে মোট ৬১ রান, গড় মাত্র ২০.৩৩। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে সিনিয়র ব্যাটারের ফর্ম নিয়ে। যা ম্যাচ শেষে সাংবাদিকরা রাখলেন শুভমান গিলের (Shubman Gill) সামনে। উত্তরে কোনও ঘুরিয়ে কথা নয়—সোজাসাপটা জবাব দিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।
রোহিতকে নিয়ে শুভমানের ব্যাখ্যা
ইন্দোরে সিরিজের শেষ ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে রোহিতের ফর্ম নিয়ে প্রশ্ন আসতেই শুভমান পরিষ্কার জানালেন, রোহিত খারাপ ফর্মে নেই। তাঁর কথায়, অস্ট্রেলিয়া সফর (Australia series) থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকা সিরিজ (South Africa series)—সব মিলিয়ে রোহিত নিয়মিত স্টার্ট পাচ্ছেন। মন্তব্য, ‘সব সময় ভাল শুরুকে বড় ইনিংসে বদলানো যায় না। একজন ব্যাটার হিসেবে সেটাই লক্ষ্য থাকে, কিন্তু প্রতিটা সিরিজে তা সম্ভব নয়।’অর্থাৎ, সমস্যাটা আত্মবিশ্বাস বা ছন্দের নয়, বরং কনভার্সনের। রোহিত শুরুটা করছেন। কিন্তু সেই ইনিংসগুলো বড় হচ্ছে না—এটাই মূল সমস্যা বলে মনে করছেন অধিনায়ক।
ইন্দোরে কী হল?
শেষ ওয়ানডেতে আগে ব্যাট করে নিউজিল্যান্ড (New Zealand) তোলে ৩৩৭/৮। ড্যারিল মিচেল (Daryl Mitchell) সিরিজে পরপর সেঞ্চুরি হাঁকিয়ে (১৩৭) ভারতকে প্রথম ইনিংসেই মাঠের বাইরে ঠেলে দেন। তাঁর সঙ্গে গ্লেন ফিলিপস (Glenn Phillips) খেলেন ঝকঝকে ১০৬ রানের ইনিংস। শেষদিকে অধিনায়ক মাইকেল ব্রেসওয়েলের (Michael Bracewell) ১৮ বলে অপরাজিত ২৮ দলকে বড় স্কোরে পৌঁছে দেয়। টিম ইন্ডিয়ার হয়ে বল হাতে লড়াই করেন অর্শদীপ সিং (Arshdeep Singh) ও হর্ষিত রানা (Harshit Rana)—দু’জনেই নেন তিনটি করে উইকেট। তবু রান আটকে রাখা যায়নি।
কোহলির লড়াই সত্ত্বেও হার এড়ানো গেল না
৩৩৮ রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। রোহিত শর্মা আউট মাত্র ১১ রানে। এরপর দায়িত্ব তুলে নেন বিরাট কোহলি (Virat Kohli)। এক প্রান্ত ধরে রেখে খেলেন ১২৪ রানের দুরন্ত ইনিংস। নিচের দিকে হর্ষিত রানার সঙ্গে ৯৯ রানের জুটি গড়ে ম্যাচে ফেরার চেষ্টা চালান।
হর্ষিত রানা নিজের প্রথম ওয়ানডে হাফ-সেঞ্চুরি করেন—সাজঘরে ফেরেন ৫২ রান। নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) যোগ করেন ৫৩। কিন্তু মাঝের ও শেষ দিকের উইকেট পড়তেই ভারতের ইনিংস থামে ২৯৬ রানে। ৪১ রানে হারতে হয় ম্যাচ, আর ২–১ ব্যবধানে সিরিজ জিতে নেয় কিউয়িরা।
রোহিতের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে কেন?
পরিসংখ্যান বলছে, সিরিজে রোহিত কোনও ইনিংসেই পঞ্চাশ ছুঁতে পারেননি। বয়স, ফিটনেস আর বড় টুর্নামেন্টের আগে ফর্ম—সব মিলিয়ে সওয়াল ওঠা স্বাভাবিক। তবে দলের অন্দরমহলের বার্তা আলাদা। শুভমানের মন্তব্যে স্পষ্ট, রোহিতের জায়গা বা গুরুত্ব নিয়ে আপাতত কোনও সংশয় নেই। ভারতীয় দলের দৃষ্টিভঙ্গি পরিষ্কার—স্টার্ট ভাল হচ্ছে মানে রান আসার সম্ভাবনাও রয়েছে। এক-দুটি সিরিজে সেটা না হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিন্তু একই সঙ্গে এটাও সত্যি, বড় টুর্নামেন্টের আগে প্রাক্তন অধিনায়কের ব্যাট থেকে বড় ইনিংস বেরোনো দরকার। না হলে বিতর্ক আরও জোরাল হবে।
এই মুহূর্তে ভারতীয় শিবির রোহিতের পাশে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে সময় খুব বেশি অপেক্ষা করে না—পরের সিরিজেই তাই মূল ফোকাস থাকবে তাঁর ব্যাটের দিকে।