রোহিতের বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ফড়নবিশের সঙ্গে দেখা করা নিয়ে অবশ্য জানা গিয়েছে, এটা নিছকই সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল। আসলে রোহিত মহারাষ্ট্রের রাজধানী মুম্বইয়ের ক্রিকেটার। নিজের রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পিছনে অন্য কোনও বিষয় নেই।

রোহিত শর্মা ও দেবেন্দ্র ফড়নবিশ
শেষ আপডেট: 14 May 2025 13:00
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী (Maharastra CM) দেবেন্দ্র ফড়নবিশের (Devendra Fadnabis) মুম্বইয়ের (Mumbai) সরকারি বাসভবন (Government Residence) ‘বর্ষা’য় (Barsha) গিয়ে দেখা করেছেন লাল বলের ক্রিকেটে সদ্য প্রাক্তন হয়ে যাওয়া রোহিত শর্মা (Rohit Sharma)। আর ‘হিটম্যান’-এর এই পদক্ষেপের পরই গুঞ্জন শুরু হয়েছে, এবার কি তাহলে রাজনীতির (Politics) ময়দানে দেখা যাবে ভারতীয় টেস্ট দলের প্রাক্তন অধিনায়ককে।
আসলে ভারতের বেশ কিছু তারকা ক্রিকেটার অবসর নেওয়ার পর রাজনীতিতে প্রবেশ করেছেন। এই তালিকায় রয়েছেন ভারতীয় ক্রিকেটের দুই বিশ্বকাপজয়ী ক্রিকেটার কীর্তি আজাদ ও গৌতম গম্ভীর। দু’জনেই সংসদীয় রাজনীতিতে প্রবেশ করেছিলেন। গৌতি এখন আবার টিম ইন্ডিয়ার হেডস্যার। তিনি এখন অবশ্য সাংসদ নন, তবে ১৯৮৩ ওডিআই বিশ্বকাপজয়ী দলের সদস্য কীর্তি অবশ্য এখন তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ। এছাড়াও অতীতে জাতীয় দলের প্রাক্তন ওপেনার চেতন চৌহান-সহ বেশ কিছু ক্রিকেটারকে রাজনীতির ময়দানে দেখা গিয়েছে।
রোহিতের বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ফড়নবিশের সঙ্গে দেখা করা নিয়ে অবশ্য জানা গিয়েছে, এটা নিছকই সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল। আসলে রোহিত মহারাষ্ট্রের রাজধানী মুম্বইয়ের ক্রিকেটার। নিজের রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পিছনে অন্য কোনও বিষয় নেই।
জানা গিয়েছে, টেস্ট ক্রিকেট থেকে অবসরের জন্য ভারতীয় ক্রিকেটের এই অভিজ্ঞ খেলোয়াড়কে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রোহিতের ১৪ বছরের টেস্ট কেরিয়ারের প্রশংসা করেছেন ফড়নবিশ। এই বৈঠকে, রাজ্য সরকার খেলাধুলার প্রতি রোহিতের নিষ্ঠা এবং অবদানের প্রশংসা করেছে। রোহিতের সঙ্গে তাঁর সাক্ষাতের কিছু ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ফড়নবিশ।
সম্প্রতি রোহিত শর্মা লাল বলের ক্রিকেটকে আলবিদা জানিয়েছেন। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের পর রোহিত টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকেও অবসর নিয়েছিলেন। দেশের জার্সিতে রোহিতকে কেবল ওয়ানডে ক্রিকেটে খেলতে দেখা যাবে।
৭ মে, রোহিত একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন। আগামী মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে রোহিত এই সিদ্ধান্ত নিয়েছেন।
রোহিতের সঙ্গে নিজের সাক্ষাতের ছবি শেয়ার করে ফড়নবিশ লিখেছেন, “ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মাকে আমার সরকারি বাসভবন ‘বর্ষা’য় স্বাগতম। তাঁর সঙ্গে দেখা করে এবং কথা বলে খুব ভাল লাগল। আমি তা শুভকামনা করি এবং তাঁর যাত্রার পরবর্তী অধ্যায়ে অব্যাহত সাফল্য কামনা করি।”
টেস্ট ফরম্যাটে ভারতের অন্যতম সফল ব্যাটার রোহিত শর্মা। ৬৭ টেস্টে ৪০.৫৭ গড়ে ৪৩০১ রান করেছেন, যার মধ্যে রয়েছে ১২টি সেঞ্চুরি এবং ১৮টি হাফ-সেঞ্চুরি। তিনি ইন্সটা স্টোরিতে তাঁর টেস্ট ক্যাপের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, “আমি সকল বন্ধুদের বলতে চাই যে, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। এই ফরম্যাটে দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আমি ভারতের হয়ে ওয়ানডে খেলা চালিয়ে যাব।”