এই প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুক্রি কনরাড একটি বিবৃতি দিয়ে বলেছেন, আইপিএলে অংশগ্রহণকারী জাতীয় দলের খেলোয়াড়দের ২৬ মে-র মধ্যে দেশে ফিরে আসা উচিত।

রাবাদা এবং রিকেলটন
শেষ আপডেট: 14 May 2025 12:09
দ্য ওয়াল ব্যুরো: শনিবার থেকে ফের শুরু হবে আইপিএল ২০২৫ (IPL 2025)। এদিকে, ১১ জুন থেকে লর্ডসে রয়েছে অস্ট্রেলিয়া (Australia) এবং দক্ষিণ আফ্রিকার (South Africa) মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনাল (Final)। এর ফলে আইপিএল ২০২৫-এর বাকি ম্যাচগুলিতে এই উভয় দেশের খেলোয়াড়দের উপস্থিতি নিয়ে সন্দেহ রয়েছে।
এই প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ (South Africa Head Coach) শুক্রি কনরাড (Shukri Conrad) একটি বিবৃতি দিয়ে বলেছেন, আইপিএলে অংশগ্রহণকারী জাতীয় দলের খেলোয়াড়দের ২৬ মে-র মধ্যে দেশে ফিরে আসা উচিত।
ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) আইপিএল ২০২৫ এক সপ্তাহের জন্য স্থগিত করেছিল। বোর্ড সম্প্রতি তাদের সংশোধিত সময়সূচী প্রকাশ করেছে। যা অনুসারে টুর্নামেন্টটি ১৭ মে থেকে ফের শুরু হবে এবং ফাইনাল হবে ৩ জুন। তবে নতুন সূচি অনুযায়ী সবচেয়ে বড় উদ্বেগ অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের নিয়ে। কারণ এই দুই দলই ডব্লিউটিসির ফাইনালে খেলবে।
কনরাড বলেন, “আইপিএল এবং বিসিসিআইয়ের সঙ্গে প্রাথমিক চুক্তি ছিল যে, ২৫ মে ফাইনালের পর ক্রিকেটাররা ২৬ মে ফিরে আসবেন। আমাদের দৃষ্টিকোণ থেকে কিছুই পরিবর্তন হয়নি, একই আলোচনা চলছে। এখনকার মতো, আমরা চাই আমাদের খেলোয়াড়রা ২৬ তারিখের মধ্যে ফিরে আসুক। ক্রিকেট সাউথ আফ্রিকা ডব্লিউটিসি ফাইনালের জন্য দল ঘোষণা করেছে এবং আশা করা হচ্ছে নির্বাচিত সকল ক্রিকেটাররাই ৩১ মে-এর মধ্যে ইংল্যান্ডে পৌঁছবেন। আইপিএলে খেলছেন না এমন খেলোয়াড়দের ৩০ মে-এর মধ্যে পৌঁছতে হবে, আর আইপিএলে খেলছেন এমন খেলোয়াড়দের প্লে অফের আগে ফ্র্যাঞ্চাইজি ছাড়তে হবে।”
ডব্লিউটিসি ফাইনালের জন্য দক্ষিণ আফ্রিকার দলে অন্তর্ভুক্ত বেশ কিছু খেলোয়াড়ই আইপিএল খেলছেন। এর মধ্যে সাতজন ক্রিকেটারের দল এখনও প্লে-অফের দৌড়ে রয়েছে। এই তালিকায় রয়েছেন করবিন বোশ এবং রায়ান রিকেলটন (মুম্বই ইন্ডিয়ান্স), কাগিসো রাবাদা (গুজরাত টাইটানস), ট্রিস্টান স্টাবস (দিল্লি ক্যাপিটালস), এইডেন মার্করাম (লখনউ সুপার জায়ান্টস), মার্কো জ্যানসেন (পাঞ্জাব কিংস), লুঙ্গি এনগিডি (আরসিবি) এবং উইয়ান মুল্ডার (সানরাইজার্স হায়দরাবাদ)।
এই খেলোয়াড়দের প্রাথমিকভাবে ২৫ মে পর্যন্ত আইপিএলে অংশগ্রহণের জন্য এনওসি দেওয়া হয়েছিল, কিন্তু টুর্নামেন্টটি পরিস্থিতি অনুযায়ী আরও বর্ধিত হয়েছে। তার ফলে নতুন করে অনুমোদনের প্রয়োজন হবে। ডব্লিউটিসি ফাইনালের গুরুত্ব বিবেচনা করে ক্রিকেট সাউথ আফ্রিকা তাদের এনওসি দেবে, এমন সম্ভাবনা কম। আইপিএল ফাইনাল এবং ডব্লিউটিসি ফাইনাল শুরুর মধ্যে মাত্র আট দিনের ব্যবধান থাকায় দক্ষিণ আফ্রিকার ম্যানেজমেন্ট চাইছে তাদের ক্রিকেটাররা আইপিএল না খেলে দলের সঙ্গে যোগ দিক, যাতে তাঁরা তরতাজা হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে পারেন।