.webp)
শ্রেয়সের বদলি কি হতে চলেছেন ঋষভ পন্থ?
শেষ আপডেট: 2 November 2024 18:31
দ্য ওয়াল ব্যুরো: বিগত কয়েকবছর দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিয়েছেন ঋষভ পন্থ। কিন্তু, আজ পর্যন্ত দিল্লি একবারও আইপিএল খেতাব জয় করতে পারেনি। রিটেনশন তালিকা প্রকাশ হওয়ার আগেই আশঙ্কা করা হচ্ছিল যে দিল্লি ক্যাপিটালসের হাত ছাড়তে পারেন ঋষভ। আর শেষপর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হয়েছে।
আসন্ন আইপিএল মেগা অকশনের আগে ঋষভ পন্থকে রিলিজ করে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। সেকারণে নিলাম অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন পন্থ। বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি তাঁকে দলে টানার জন্য কার্যত হাত বাড়িয়ে রয়েছে। সেই তালিকায় নাম রয়েছে কলকাতা নাইট রাইডার্সেরও।
২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে রিলিজ করে দিয়েছে। শ্রেয়সের নেতৃত্বে কেকেআর এই বছরই আইপিএল খেতাব জয় করেছিল। তবে শ্রেয়সের ব্যক্তিগত পারফরম্য়ান্স একেবারেই ভালো ছিল না। এই পরিস্থিতিতে শ্রেয়সের রিলিজ নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। শ্রেয়সকে রিলিজ করার পর কলকাতা নাইট রাইডার্স এবার নতুন কোনও অধিনায়কের খোঁজে তল্লাশি শুরু করবে। এই পরিস্থিতিতে অনেকেই মনে করছেন, ঋষভ পন্থকে তারা টার্গেট করতে পারে।
একটি সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, দিল্লি ক্যাপিটালসের মালিকপক্ষের সঙ্গে ঋষভের সম্প্রতি নাকি ঝামেলা হয়েছিল। কারণ, ঋষভের থেকে যে ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া হবে, সেটা আগাম আঁচ করতে পেরেছিলেন টিম ইন্ডিয়ার তারকা উইকেটকিপার-ব্যাটার। পাশাপাশি, ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ বদলের কারণেও একেবারে খুশি ছিলেন না ঋষভ। এইসব কারণেই দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ককে রিলিজ করে দেয়।
এবার মেগা অকশনে ঋষভের সামনে ১০ ফ্র্যাঞ্চাইজির দরজাই খোলা থাকবে। দিল্লি ক্যাপিটালসও এই তারকা বাঁ-হাতি ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য আরটিএম কার্ড ব্যবহার করতে পারে। তবে পরিস্থিতি বিচার করে মনে হচ্ছে, তেমন সম্ভাবনা একেবারে নেই বললেই চলে।
পঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্স দলে আপাতত একজন তারকা ক্রিকেটারের দরকার যিনি অধিনায়কত্বের দায়িত্ব গ্রহণ করতে পারবেন। তবে কলকাতা নাইট রাইডার্সে এলে ঋষভ নিজেও যথেষ্ট লাভবান হবেন। তিনি নেতৃত্ব দেওয়ার জন্য শুধুমাত্র একটা শক্তিশালী দলই পাবেন না, পাশাপাশি এই দলে সুপারস্টার ক্রিকেটারদের মহাসমারোহ দেখতে পাওয়া যাবে।