নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ ভারতের কাছে পরীক্ষাগার। আসল যুদ্ধের প্রস্তুতি—টি–২০ বিশ্বকাপ—যার জন্য বুমরাহ–হার্দিককে আপাতত আগলে রাখছে টিম ইন্ডিয়া।

বুমরাহ ও হার্দিক
শেষ আপডেট: 29 December 2025 10:45
দ্য ওয়াল ব্যুরো: সামনে ঠাসা আন্তর্জাতিক সূচি, তার মধ্যেই বড় লক্ষ্য—টি–২০ বিশ্বকাপ। সেই কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজে বিশ্রাম পেতে চলেছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। রিপোর্ট বলছে, ওয়ার্কলোড ম্যানেজমেন্টকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নিতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
কেন এই বিশ্রাম?
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুই তারকা না খেললেও, পরের পাঁচ ম্যাচের টি–২০ সিরিজে তাঁদের ফেরার সম্ভাবনাই বেশি। স্পষ্ট বার্তা—এই মুহূর্তে ফোকাস টি–২০। বিশ্বকাপের আগে কম্বিনেশন চূড়ান্ত করা, রোল ডেফিনিশন পরিষ্কার করা—সব কিছুই ছোট ফরম্যাটকে ঘিরে।
ওয়ানডে স্কোয়াড জানুয়ারির ৪ বা ৫ তারিখের মধ্যে ঘোষণা হতে পারে। সিরিজ শুরু ১১ জানুয়ারি (বরোদা), এরপর রাজকোটে ১৪ জানুয়ারি ও ইন্দোরে ১৮ জানুয়ারি ম্যাচ। টি–২০ সিরিজ শুরু ২১ জানুয়ারি, শেষ ৩১ জানুয়ারি।
পান্ডিয়া–বুমরাহর ফিটনেস আপডেট
হার্দিক পান্ডিয়াকে দীর্ঘদিন ধরেই সাবধানে কাজে লাগানো হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের (মার্চ) পর থেকে তিনি আর ওয়ানডে খেলেননি। এখন পুরোপুরি সাদা বলের ক্রিকেটেই ময়দানে দেখা যায়। অন্যদিকে, জসপ্রীত বুমরাহও ২০২৩ বিশ্বকাপ ফাইনালের পর ওয়ানডে-তে কার্যত অদৃশ্য! তিন ফরম্যাটেই তাঁর গুরুত্ব অপরিসীম—যে কারণে বুমরাহকে নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ বোর্ড। এই দুই ক্রিকেটারকে তরতাজা রাখা মানেই বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার সবচেয়ে বড় অস্ত্রগুলোকে সুরক্ষিত রাখা।
পন্থ নেই, কারা পাচ্ছেন সুযোগ?
আসন্ন ওয়ানডে সিরিজে ঋষভ পন্থের (Rishabh Pant) না খেলার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে উইকেটকিপিংয়ের দায়িত্ব যেতে পারে ঈশান কিষাণ (Ishan Kishan) বা জিতেশ শর্মার (Jitesh Sharma) কাঁধে। এই সিরিজকে নতুন মুখদের পরখ করে নেওয়ার সুযোগ হিসেবেই দেখা হচ্ছে।
তবে আন্তর্জাতিক বিশ্রাম মানেই পুরোপুরি বিশ্রাম নয়। হার্দিক পান্ডিয়া বিজয় হাজারে ট্রফিতে বরোদার হয়ে নামতে পারেন। বোর্ডের নির্দেশ অনুযায়ী, কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক—সেই শর্ত পূরণ করতে এই পদক্ষেপ।
সব মিলিয়ে ছবিটা পরিষ্কার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ ভারতের কাছে পরীক্ষাগার। আসল যুদ্ধের প্রস্তুতি—টি–২০ বিশ্বকাপ—যার জন্য বুমরাহ–হার্দিককে আপাতত আগলে রাখছে টিম ইন্ডিয়া।