হার্দিক ছিলেন পুরোপুরি আগ্রাসী মেজাজে। মাত্র ২৫ বলে ৬৩ রান! বিশেষ নজর কাড়ে তাঁর অর্ধশতরান, মাত্র ১৬ বলে। ভারতীয় টি-টোয়েন্টি ক্রিকেটে যা দ্বিতীয় দ্রুততম, যুবরাজ সিংয়ের পরেই।

ছবি-সংগৃহীত।
শেষ আপডেট: 20 December 2025 08:14
দ্য ওয়াল ব্যুরো: আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুক্রবার রাতে যেন ব্যাটে-বলে ভারতের একতরফা আধিপত্য। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ঝড়ো ইনিংস আর তিলক বর্মার সংযত কিন্তু কার্যকর ব্যাটিংয়ে ভর করেই দক্ষিণ আফ্রিকাকে ৩০ রানে হারিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (India vs South Africa 5th T20) ৩–১ ব্যবধানে জিতে নিল ভারত (India Beat SA By 30 Runs, Clinch Series 3-1)।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা কিছুটা চড়াই-উতরাই হলেও দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ হাতে তুলে নেয় ভারত। এক সময় স্কোর ছিল ১১৫ রানে ৩ উইকেট। সেখান থেকেই খেলায় ঝড় তোলেন তিলক ও হার্দিক। চতুর্থ উইকেটে মাত্র ৪৪ বলে ১০৫ রানের বিধ্বংসী জুটি গড়ে তাঁরা কার্যত ম্যাচ বের করে দেন।
তিলক বর্মা খেলেন পরিণত ইনিংস, ৪২ বলে করেন ৭৩ রান। অন্য প্রান্তে হার্দিক পান্ডিয়া ছিলেন পুরোপুরি আগ্রাসী মেজাজে। মাত্র ২৫ বলে ৬৩ রান! বিশেষ নজর কাড়ে তাঁর অর্ধশতরান, মাত্র ১৬ বলে। ভারতীয় টি-টোয়েন্টি ক্রিকেটে যা দ্বিতীয় দ্রুততম, যুবরাজ সিংয়ের পরেই।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ভারতের রান দাঁড়ায় ২৩১/৫, যা প্রোটিয়াদের সামনে কঠিন পাহাড়সম লক্ষ্য।
জবাবে দক্ষিণ আফ্রিকা শুরুটা ভাল করলেও মাঝের ওভারেই খেই হারায়। কুইন্টন ডি ককের ব্যাট কিছুটা লড়াই দেখালেও বরুণ চক্রবর্তীর ঘূর্ণির সামনে দাঁড়াতে পারেননি বাকিরা। চার উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বরুণ। বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন হার্দিকও।
২০ ওভারে দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে ২০১/৮-এ। ফলাফল, ভারতের ৩০ রানের জয় এবং সিরিজ দখল। টেস্টে ধাক্কা খাওয়ার পর সীমিত ওভারে এই প্রত্যাবর্তন যে ভারতীয় শিবিরে নতুন আত্মবিশ্বাস এনে দিল, তা বলাই বাহুল্য।
এ বার চোখ সামনে। জানুয়ারিতে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নতুন চ্যালেঞ্জের আগে এই জয় নিঃসন্দেহে বড় প্রেরণা টিম ইন্ডিয়ার জন্য।