২০২৬ বিশ্বকাপের পথে ভারতের পরিকল্পনায় তাঁর নাম যে মোটা অক্ষরে লেখা থাকবে, ধর্মশালার সন্ধ্যা তা আরও একবার বুঝিয়ে দিল।

হার্দিক পান্ডিয়া
শেষ আপডেট: 15 December 2025 10:28
দ্য ওয়াল ব্যুরো: ধর্মশালার শীতের সন্ধ্যায় ইতিহাস লিখলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে (IND vs SA 3rd T20I) এমন এক মাইলস্টোন ছুঁলেন ভারতীয় অলরাউন্ডার, যা আগে কোনও ভারতীয় তো নয়ই—কোনও পেস বোলিং অলরাউন্ডারও পারেননি (Hardik Pandya Record)!
গতকালের ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে (T20I) হাজার রান ও ১০০ উইকেট—দু’টি মাইলস্টোন একসঙ্গে পূর্ণ করেন হার্দিক। ভারতের হয়ে এই ডাবল হাসিল করা প্রথম খেলোয়াড়, বিশ্ব ক্রিকেটে পেস বোলারদের মধ্যে একমাত্র (Hardik Pandya Stats)। ট্রিস্টান স্টাবসকে (Tristan Stubbs) সপ্তম ওভারে আউট করেই শততম উইকেটের গণ্ডি পেরোন হার্দিক (Hardik Pandya Record)।
পাশাপাশি এই কীর্তির সুবাদে তিনি ঢুকে পড়লেন ভারতীয় টি-টোয়েন্টি বোলারদের অভিজাত তালিকায়। যেখানে আগে থেকেই ছিলেন অর্শদীপ সিং (Arshdeep Singh) এবং জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। অর্শদীপের ঝুলিতে রয়েছে ৭০ ম্যাচে ১০৭ উইকেট, সেরা ৪/৯। বুমরাহ ৮২ ম্যাচে নিয়েছেন ১০১ উইকেট, ইকোনমি মাত্র ৬.৩৫—টি-টোয়েন্টি ক্রিকেটে যা সোনালি মানদণ্ড।
হার্দিকের কৃতিত্ব তাৎপর্যপূর্ণ আরও একটি কারণে। তাঁর আগে টি-টোয়েন্টিতে হাজার রান ও ১০০ উইকেটের ডাবল পূরণ করেছিলেন মাত্র চার জন—শাকিব আল হাসান (Shakib Al Hasan), মহম্মদ নবী (Mohammad Nabi), সিকান্দার রাজা (Sikandar Raza) ও ভিরানদীপ সিং (Virandeep Singh)। চার জনই স্পিন অলরাউন্ডার। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে এই তালিকায় প্রথম নামটা তাই আলাদা করে জ্বলজ্বল করছে—হার্দিক পান্ডিয়া!
চোট-সমস্যার পর সদ্যই জাতীয় দলে ফেরা ভারতীয় তারকার এই প্রত্যাবর্তন বিশেষ অর্থবহ। কটকে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে (IND vs SA 1st T20I) প্রত্যাবর্তনেই ঝলক দেখিয়েছিলেন। অপরাজিত ৫৯ রান, সঙ্গে বল হাতে ২ ওভারে ১৬ রানে ১ উইকেট। সেই ম্যাচে ভারত জিতেছিল ১০১ রানে। আর কয়েক দিনের মধ্যেই এল ইতিহাস লেখার দিন।
ব্যাট হাতে নিচের দিকে নেমে ঝড়ো রান, বল হাতে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু—টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি দলের (Team India) ভারসাম্যে হার্দিক যে কতটা অপরিহার্য, এই রেকর্ডই তার প্রমাণ। ২০২৬ বিশ্বকাপের (T20 World Cup 2026) পথে ভারতের পরিকল্পনায় তাঁর নাম যে মোটা অক্ষরে লেখা থাকবে, ধর্মশালার সন্ধ্যা তা আরও একবার বুঝিয়ে দিল।