মহিলা বিশ্বকাপের (Women's World Cup) সেমিফাইনালে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে জেমাইমা রদ্রিগেজের (Jemimah Rodrigues) অনবদ্য অপরাজিত ১২৭ রানের ইনিংস ভারতকে ঐতিহাসিক জয় এনে দিয়েছে।

জেমাইমা ও নাসের হুসেন
শেষ আপডেট: 1 November 2025 12:36
দ্য ওয়াল ব্যুরো: নবি মুম্বইয়ের ক্রিকেট (Mumbai Cricket) ইতিহাসে বৃহস্পতিবারের রাতটা এখন এককথায় স্মরণীয় হয়ে গিয়েছে। মহিলা বিশ্বকাপের (Women's World Cup) সেমিফাইনালে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে জেমাইমা রদ্রিগেজের (Jemimah Rodrigues) অনবদ্য অপরাজিত ১২৭ রানের ইনিংস ভারতকে ঐতিহাসিক জয় এনে দিয়েছে। ৪৮.৩ ওভারে ৩৩৯ রানের পাহাড় টপকে বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে দেশ— যা মহিলা একদিনের ক্রিকেট বিশ্বকাপের (World Cup) ইতিহাসে সবচেয়ে বড় সফল রান চেজ।
এই ইনিংসের পরেই ভাইরাল হয়ে যায় ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেনের (Nasser Hussain) সাত বছর আগের একটি টুইট। ২০১৮ সালের ১৮ এপ্রিলের সেই পোস্টে তিনি লিখেছিলেন— “Remember the name... Jemimah Rodrigues. Did some throw downs with her today. She’s going to be a star for India.” বাংলা করলে দাঁড়ায়, জেমাইমা রদ্রিগেজ, নামটা মনে রাখবেন। ও ভারতের উজ্জ্বল তারকা হতে চলেছে। নাসেরের এই কথাগুলোই যেন ঠিক প্রমাণ করেছেন ২৫ বছরের জেমাইমা।
ভারতের এই জয়কে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে গোটা ক্রিকেটমহলে। আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল বলেন, “মেয়েদের এই জয় ১৯৮৩-র পুরুষ বিশ্বকাপের মতোই ঐতিহাসিক হয়ে থাকবে। যদি তারা চ্যাম্পিয়ন হয়, তবে এই সাফল্য ভারতের মহিলা ক্রিকেটকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে।”
তিনি আরও যোগ করেন, “WPL আর ‘পে প্যারিটি’-র মতো সিদ্ধান্ত ভারতীয় মহিলা ক্রিকেটকে বদলে দিয়েছে। জয় শাহের নেতৃত্বে যে পরিবর্তন শুরু হয়েছিল, তার ফল আমরা এখন দেখছি। এই মেয়েরা প্রমাণ করে দিয়েছে— সঠিক লক্ষ্য থাকলে সাফল্য আসতে সময় নেয় না।”
অরুণের মতে, “তখন অনেকেই সন্দেহ করেছিলেন ওমেনস প্রিমিয়ার লিগ নিয়ে। কিন্তু আজ এই মেয়েরা প্রমাণ করে দিয়েছে, সেই সিদ্ধান্ত ছিল ভারতের ক্রিকেট ইতিহাসের মোড় ঘোরানো মুহূর্ত।”
এখন গোটা দেশের চোখ রবিবারের ফাইনালের দিকে। যেখানে জেমাইমা-হরমনপ্রীতরা মুখোমুখি হবেন দক্ষিণ আফ্রিকার। ইতিহাসের আরও এক নতুন অধ্যায় লেখার পথে এগোচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দল।