
গত বুধবার অবসর গ্রহণ করেছেন রবিচন্দ্রন অশ্বিন
শেষ আপডেট: 21 December 2024 08:34
দ্য ওয়াল ব্যুরো : ২২ গজের যুদ্ধে রবিচন্দ্রন অশ্বিন এত সাফল্য অর্জন করেছেন, যা হয়ত একজন ক্রিকেটারের স্বপ্নই থেকে যায়। সম্প্রতি তিনি জানিয়ে দিয়েছেন যে তাঁকে আর ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে দেখতে পাওয়া যাবে না। কারণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচের পরই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত গ্রহণ করেন।
ক্রিকেট দুনিয়ায় সুনাম অর্জনের পাশাপাশি আর্থিক উপার্জনও তাঁর যথেষ্ট নজর কাড়া ছিল। ইতিমধ্যে কোটি-কোটি টাকার সম্পত্তি গড়েছেন তিনি। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে, অবসর গ্রহণের পর BCCI-এর থেকে কত টাকা পেনশন পাবেন ভারতের এই প্রাক্তন অফ স্পিনার? আসুন, সেই অঙ্কটা একবার দেখে নেওয়া যাক।
প্রসঙ্গত, ২০২২ সালে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড প্রাক্তন ক্রিকেটারদের পেনশন প্রকল্প বৃদ্ধি করেছে। এই প্রকল্পের আওতায় যে ক্রিকেটাররা ২০০৩-০৪ সাল পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে ২৫ থেকে ৪৯ ম্যাচ খেলেছেন, তাঁদের প্রতি মাসে ৩০,০০০ টাকা করে পেনশন দেওয়া হবে। আগে টাকার এই অঙ্কটা ছিল ১৫,০০০ টাকা। অন্যদিকে, যে সকল ক্রিকেটাররা ২০০৩-০৪ সাল পর্যন্ত ৫০ থেকে ৭৪ ম্যাচ এবং ৭৫ কিংবা তার বেশি ম্যাচ খেলেছেন, তাঁদের যথাক্রমে ২২,৫০০ এবং ৩০,০০০ টাকা দেওয়া হত। এবার সেই অঙ্কটা যথাক্রমে প্রতি মাসে ৪৫,০০০ এবং ৫২,৫০০ টাকা করা হয়েছে।
২০১৫ সালে বিসিসিআই ঘোষণা করেছিল যে ১৯৯৩ সালের ৩১ ডিসেম্বরের আগে যে ভারতীয় ক্রিকেটাররা অবসর গ্রহণ করেছেন এবং ২৫-এর বেশি টেস্ট ম্যাচ খেলেছেন, তাঁদের প্রত্যেককে ৫০,০০০ টাকা করে দেওয়া হবে। কিন্তু, এবার সেই অঙ্কটা বাড়িয়ে ৭০,০০০ টাকা করা হয়েছে।
রবিচন্দ্রন অশ্বিন মোট ১০৬ টেস্ট ম্যাচ খেলেছেন। BCCI-এর পেনশন প্রকল্প অনুসারে তিনি ৫২,৫০০ টাকা প্রতি মাসে পেতে পারেন। তবে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডই গ্রহণ করবে যে অশ্বিনকে কত টাকা দেওয়া হবে। সম্প্রতি, আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি। তিনি গোটা কেরিয়ারে মোট ১৭ টেস্ট ম্যাচ খেলেছেন। আর বিসিসিআই তাঁকে প্রতি মাসে ৩০,০০০ টাকা পেনশন দেয়।