
ম্যাচের নায়ক সিমরজিৎ সিংহ। (বিসিসিআই)
শেষ আপডেট: 12 May 2024 17:17
দ্য ওয়াল ব্যুরো: চেন্নাইতে যেমন হওয়ার কথা, তেমনটাই হল কি? স্কোরবোর্ড দেখলে মনে হতেই পারে। কিন্তু আইপিএলের বাকি ম্যাচগুলো দেখলে অবশ্য এসব স্কোর দেখলে হৃৎকম্প হতে পারে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাত্র ১৪২ টার্গেট? একটা সময় মনে হচ্ছিল, এত স্লো গেলে একশো তিরিশ-টিরিশ পেরোবে তো? শেষ অবধি ১৪১ তুলতে পারল রাজস্থান রয়্যালস। সৌজন্যে রিয়ান পরাগ।
টসে জিতে আজ ব্যাট নিয়েছিলেন সঞ্জু। সম্ভবত চিপকের উইকেটে সন্ধ্যে গড়ানোর ঝুঁকি নিতে চাননি তিনি। তাতেও পাওয়ারপ্লেতে কার্যত একটা রেকর্ড করে দিয়েছে রাজস্থান। কোনও উইকেট না হারিয়ে যশস্বী জয়সওয়াল ও জস বাটলার ছয় ওভারে মাত্র ৪২ রান করেন। যা এবারের আইপিএলে বিনা উইকেটে হিসেব করলে পাওয়ারপ্লেতে সর্বনিম্ন। অধিনায়ক সঞ্জু, ধ্রুব জুড়েল, রিয়ান পরাগ কেউই স্লো রানরেট ছেড়ে বেরোতে পারেননি। বিশেষ করে সিমরজিৎ সিংহের একের পর এক আউটসাইড অফে নাস্তানাবুদ হতে হয়েছে রাজস্থানকে। যশস্বী জয়সওয়াল যেমন। পুল মারতে গেলেন, কিন্তু ওই বলের বাউন্সেই গোলমাল হয়ে সোজা ক্যাচ উঠে গেল এক্সট্রা কভারে। রানরেট কম দেখে অসহিষ্ণু বাটলারও একইভাবে সিমরজিতের বলে ক্যাচ তুললেন। ১৪ ওভার ২ বলে মাত্র ১৫ করে সিমরজিতের বলে ফিরে গেলেন সঞ্জু।
গোটা ম্যাচে মনে রাখার মত খেলে গেলেন শুধু রিয়ান পরাগ। ৩৫ বলে ৪৭ করলেন, একটা চার মারলেও তিনটে মনে রাখার মত ছক্কা উপহার দিয়ে গেলেন অসমের রিয়ান।
সিমরজিতের পর বলে খেল দেখালেন চেন্নাইয়ের তুষার দেশপাণ্ডে। পর পর ধ্রুব জুড়েল ও শুভম দুবেকে ফেরালেন তুষার। সব মিলিয়ে বলতে গেলে একেবারেই দাগ কাটল না রাজস্থানের ইনিংস। উলটে চাপ বাড়ল বোলারদের ওপর। ভরসা একটাই, আছেন রবিচন্দ্রন অশ্বিন। আজ পাল্টা পরীক্ষা যুজবেন্দ্র চহাল, সন্দীপ শর্মাদের। এই রানে চেন্নাইয়ের ধুন্ধুমার ব্যাটিং লাইন-আপকে আটকানো মুশকিল। শুরুতেই ট্রেন্ট বোল্টকে দিয়ে বোলিং ওপেন করাবেন কিনা সঞ্জু, এখনও বোঝা যাচ্ছে না। কারণ চিপকের পিচ ক্রমশ আরও বেশি স্লো হবে। সেক্ষেত্রে স্পিনারদের ওপরেই চাপটা বাড়বে। তবে চেষ্টায় কী না হয়।