৪ কোটির উপহার ঘিরে স্বাভাবিকভাবে জল্পনা বেড়েছে। অনেকেই একে ‘রিইউনিয়নে’র ইঙ্গিত না বললেও পরিণত সহ-অভিভাবকত্বের নিদর্শন হিসেবে দেখতে চাইছেন।

ছবি: গুগল
শেষ আপডেট: 22 February 2026 12:23
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ সালের জুলাইয়ে আনুষ্ঠানিক বিচ্ছেদ। তারপর থেকে আলাদা পথে চলার সিদ্ধান্ত নিয়েছেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) ও নাতাশা স্ট্যাঙ্কোভিচ (Natasa Stankovic)। তবু সন্তান অগস্ত্যর (Agastya Pandya) দায়িত্বপালন আর প্রত্যাশাপূরণে কোনও খামতি নেই। সম্প্রতি সামনে আসা এক চমকপ্রদ খবর যা আরও একবার বুঝিয়ে দিয়েছে। জানা যাচ্ছে, প্রায় ৪ কোটি টাকার এসইউভি ল্যান্ড রোভার ডিফেন্ডার (Land Rover Defender) হার্দিক উপহার দিয়েছেন নাতাশা ও অগস্ত্যকে। সেই ছবি ইতোমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, নতুন কালো রঙের এসইউভির পাশে দাঁড়িয়ে সপুত্র নাতাশা।
৪ কোটির বিলাসবহুল এসইউভি
এমনিতে ভ্যারিয়েন্ট ও কাস্টমাইজেশন অনুযায়ী ল্যান্ড রোভার ডিফেন্ডারের বাজারদর আনুমানিক ৩ থেকে ৪ কোটি টাকা। মুম্বইয়ের এক ডিলারশিপ সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করেছে। দাবি, হার্দিক নাকি তাদের থেকেই ডিফেন্ডারটি কিনেছেন। যা ইতোমধ্যে অগস্ত্য ও নাতাশার নামে নথিভুক্ত, তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও পোস্টে উল্লেখ। বস্তুত, এই বিলাসবহুল এসইউভি শুধু আভিজাত্যের প্রতীক নয়, প্রাক্তন দম্পতির পারস্পরিক শ্রদ্ধা ও সহ-অভিভাবকত্বেরও বার্তা বহন করছে।
বিচ্ছেদেও দায়িত্বে ছেদ নেই
বিবাহবিচ্ছেদের পর থেকে হার্দিক ও নাতাশা দু’জনেই একমাত্র ছেলের দায়িত্ব ভাগ করে নিচ্ছেন। ব্যক্তিগত জীবনে টিম ইন্ডিয়ার অলরাউন্ডারের নাম জড়িয়েছে মাহিকা শর্মার (Mahieka Sharma) সঙ্গে। অন্যদিকে নাতাশা জানিয়েছেন, তিনি আবার প্রেমে বিশ্বাস রাখতে প্রস্তুত! তবু সন্তানের ক্ষেত্রে দু’জনেরই অবস্থান স্পষ্ট—ব্যক্তিগত জীবনে যে খাতেই বয়ে যাক না কেন, যৌথ অগ্রাধিকার একমাত্র অগস্ত্য! এমন আবহে ৪ কোটির উপহার ঘিরে স্বাভাবিকভাবে জল্পনা বেড়েছে। অনেকেই একে ‘রিইউনিয়নে’র ইঙ্গিত না বললেও পরিণত সহ-অভিভাবকত্বের নিদর্শন হিসেবে দেখতে চাইছেন।