বিতর্কের মধ্যেও টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার জার্সিতে হার্দিকের পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য। ব্যাট ও বল—দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। হাঁকান দুটি অর্ধশতরান।

বিতর্কের কেন্দ্রে হার্দিক
শেষ আপডেট: 12 March 2026 10:39
দ্য ওয়াল ব্যুরো: টি–২০ বিশ্বকাপ জয়ের আনন্দের মধ্যেই বিতর্কে জড়ালেন ভারতের অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। অভিযোগ, উদযাপনের সময় জাতীয় পতাকার মর্যাদা ক্ষুণ্ণ করেছেন তিনি। এই অভিযোগে ইতোমধ্যে থানায় লিখিত আবেদন জমা পড়েছে।
মহারাষ্ট্রের পুণে পুলিশের (Pune Police) কাছে একটি অভিযোগ দায়ের করেছেন আইনজীবী ওয়াজিদ খান (Wajid Khan)। তাঁর দাবি, টি–২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) জয়ের পর আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) উল্লাস দেখানোর সময় জাতীয় পতাকা শরীরে জড়িয়ে মাঠে ঘোরাফেরা করেন হার্দিক। অভিযোগকারীর বক্তব্য, এমন আচরণ জাতীয় পতাকার মর্যাদার পরিপন্থী। সূত্রের খবর, অভিযোগ জমা পড়েছে শিবাজি নগর পুলিশ স্টেশনে (Shivaji Nagar Police Station)। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক এফআইআর দায়ের হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।
অভিযোগে কী বলা হয়েছে?
আইনজীবী ওয়াজিদ খানের মোদ্দা অভিযোগ, জাতীয় পতাকা গায়ে জড়িয়ে মাঠে উল্লাস প্রদর্শন এক কথায় ‘অশোভন’। তাঁর দাবি, এই কাজ আইনের চোখে অপরাধ বলে গণ্য হতে পারে। যে কারণে বিষয়টি নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত। অভিযোগপত্রে আরও বলা হয়েছে, দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা। সেই কারণে বিষয়টি আইনি পথে তোলার এহেন সিদ্ধান্ত। এখনও পর্যন্ত গোটা বিষয় নিয়ে হার্দিক (Hardik Pandya) বা ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।
বিশ্বকাপে পারফরম্যান্স
বিতর্কের মধ্যেও টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার জার্সিতে হার্দিকের পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য। ব্যাট ও বল—দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। হাঁকান দুটি অর্ধশতরান। তার মধ্যে নামিবিয়ার বিরুদ্ধে ২৮ বলে ৫২ রানের ইনিংস ছিল অন্যতম। বল হাতেও হার্দিক সমান কার্যকর। পুরো টুর্নামেন্টে মোট ৯টি উইকেট ছিনিয়ে নেন তিনি। আর এই পারফরম্যান্সের ভিত্তিতেই আইসিসি-র (ICC) নির্বাচিত ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ (Team of the Tournament) জায়গা দেওয়া হয়েছে। ভারতের চারজন ক্রিকেটার সেই প্রথম একাদশে জায়গা পেয়েছেন।
‘এটা শুধু শুরু’
খেতাব জয়ের পর স্বভাবতই উচ্ছ্বসিত হার্দিক। এক সাক্ষাৎকারে জানান, পরপর দু’বার টি–২০ বিশ্বকাপ (T20 World Cup) জেতা তাঁর কাছে বিশেষ অনুভূতি। ২০২৪ সালে বার্বাডোজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনাল জেতার পর নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন—যে টুর্নামেন্টেই খেলবেন, লক্ষ্য থাকবে ট্রফি ছিনিয়ে আনা। সেই প্রতিশ্রুতি পালন করতে পেরে উজ্জীবিত টিম ইন্ডিয়ার তারকা। বলেছেন, ‘আমি ক্রিকেট খেলি দেশের জন্য ভাল করতে এবং খেতাব জিততে। ভারতের জন্য যত সম্ভব ট্রফি জিততে চাই।’
উল্লেখ্য, আমদাবাদে নিউজিল্যান্ডকে (New Zealand) হারিয়ে তৃতীয়বার টি–২০ বিশ্বকাপ (T20 World Cup) জিতেছে টিম ইন্ডিয়া (India)। একই সঙ্গে গড়েছে টানা দ্বিতীয়বার শিরোপা ধরে রাখার অনন্য নজিরও।