এবার টার্গেট স্পষ্ট—নতুনভাবে দল সাজিয়ে চ্যাম্পিয়নশিপ জেতার পথে নামা। আর তাতে দীপ্তির মতো বড় নাম না থাকলেও, দরজা বন্ধ নয়—নিলামে তিনি ফিরতেও পারেন পুরনো ঘরে।

দীপ্তি শর্মা
শেষ আপডেট: 7 November 2025 11:21
দ্য ওয়াল ব্যুরো: সদ্য শেষ হওয়া মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে (Women’s ODI World Cup) টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতা দীপ্তি শর্মাকে (Deepti Sharma) ছেড়ে দিল উইমেনস প্রিমিয়ার লিগ (WPL) ফ্র্যাঞ্চাইজি ইউপি ওয়ারিয়র্জ (UP Warriorz)। ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ অভিষেক নায়ার (Abhishek Nayar) বলেন, ‘এটা কঠিন সিদ্ধান্ত, কিন্তু কৌশলগতভাবে নেওয়া!’
ওয়ারিয়র্জ–এর রিটেনশন লিস্টে দীপ্তি ছাড়াও জায়গা হয়নি অ্যালিসা হিলি (Alyssa Healy), সোফি এক্লেস্টোন (Sophie Ecclestone), গ্রেস হ্যারিস (Grace Harris), তালিয়া ম্যাকগ্রা (Tahlia McGrath) এবং অ্যালানা কিংয়ের (Alana King)। কেবল অনক্যাপড ভারতীয় ক্যাটাগরি থেকে রাখা হয়েছে তরুণী শ্বেতা সেহরাওয়াতকে (Shweta Sehrawat)।
মহানিলামের (WPL Mega Auction) আগে ইউপি ফ্র্যাঞ্চাইজি জানিয়ে দিয়েছে—তারা নতুন করে দল গঠন করতে চায়, যেখানে নয়া মুখদের পাশাপাশি আগের তারকাদেরও ফেরানো হবে। দল হাতে রাখছে চারটি আরটিএম (Right to Match) কার্ড, যা ব্যবহার করে আগের স্কোয়াড থেকে যে কাউকে আনা যাবে। নায়ার বলেন, ‘রিটেনশন সবসময়ই কঠিন। এত ভালো খেলোয়াড়ের মধ্যে বাছাই করতে হয়, যারা প্রত্যেকে নেতা হওয়ার যোগ্য। কিন্তু ফ্র্যাঞ্চাইজির ভাবনা ছিল একদম পরিষ্কার—একটা ফাঁকা ক্যানভাস নিয়ে শুরু করা।’
তিনি আরও যোগ করেন, ‘পকেটে যতটা সম্ভব অর্থ রাখতে চাই, যাতে যেসব ক্রিকেটারকে আমরা চ্যাম্পিয়নশিপ জেতানোর যোগ্য মনে করি, তাঁদের দলে আনা যায়। আর পাশাপাশি, নিলামে গিয়ে আগের কিছু ক্রিকেটারকেও ফেরানোর সুযোগ থাকে।’
দীপ্তি এই বিশ্বকাপে ভারতের হয়ে ৯ ম্যাচে ২২ উইকেট নিয়েছেন এবং ২১৫ রান করেছেন। ফাইনালে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে হাফসেঞ্চুরি ও পাঁচ উইকেট—দুই-ই তাঁর ঝুলিতে। সেই পারফরম্যান্সের সুবাদে হয়েছেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটার (Player of the Tournament)।
তবু তাঁকে ছেড়ে দেওয়ার ব্যাখ্যায় নায়ার বলেন, ‘রিটেনশনের সিদ্ধান্ত নেওয়া কখনও সহজ নয়। কখনও সঠিক, কখনও ভুল। কিন্তু আমাদের দলে সেই প্রক্রিয়া নিয়ে কোনও দ্বিধা নেই। আমরা পূর্ণ বাজেট নিয়ে নিলামে যাচ্ছি, সেরা ভারসাম্য খুঁজে বের করাই মূল লক্ষ্য।’
ইউপি ওয়ারিয়র্জ প্রথম মরশুমেই (WPL 2023) পৌঁছেছিল প্লে–অফে। এবার তাদের টার্গেট স্পষ্ট—নতুনভাবে দল সাজিয়ে চ্যাম্পিয়নশিপ জেতার পথে নামা। আর তাতে দীপ্তির মতো বড় নাম না থাকলেও, দরজা বন্ধ নয়—নিলামে তিনি ফিরতেও পারেন পুরনো ঘরে।