আবেগ, রাজনীতি, নিরাপত্তা—সব ছাপিয়ে নজর থাকবে বাইশ গজে। তবু এতকিছুর মধ্যে ম্যাচের আগের দিনই ভারতকে ‘নীতিপাঠ’ শোনাতে ভুললেন না পাকিস্তান অধিনায়ক।

সলমন ও হার্দিক
শেষ আপডেট: 28 September 2025 18:01
দ্য ওয়াল ব্যুরো: দুবাইয়ে এশিয়া কাপ ফাইনালের (Asia Cup 2025 Final) আগের দিন সাংবাদিক বৈঠকে সরাসরি খোঁচা দিলেন পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা (Salman Agha)। সূর্যকুমার যাদবদের উদ্দেশে তাঁর সাফ মন্তব্য—ম্যাচ শেষে হাত না মেলানো আখেরে ক্রিকেটের জন্য ভাল নয়।
সলমনের কথায়, ‘২০০৭ থেকে ক্রিকেট খেলছি। অনূর্ধ্ব-১৬ স্তর থেকে। কোনও দিন দেখিনি ম্যাচ শেষে দুই দল হাত মেলাচ্ছে না। বাবাও আমায় কখনও বলেননি, কোনও ম্যাচে এই প্রথা ভাঙা হয়েছে। ভারত-পাকিস্তান আগেও খেলার মাঠে মুখোমুখি নেমেছে। সম্পর্ক তখনও খারাপ ছিল। তবু ম্যাচ শেষে হাত মেলানো হয়েছে। এভাবে এড়িয়ে যাওয়া একেবারেই ভাল নয়!’
প্রসঙ্গত, চলতি এশিয়া কাপে দুই ম্যাচেই সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) সদলবলে পাকিস্তান শিবিরের সঙ্গে হাত মেলাননি। পহেলগামের জঙ্গি হামলার পর থেকে দু'দেশের সম্পর্ক তলানিতে। মে মাসে ভারতের পাল্টা সেনা অভিযানের পর কূটনীতিক মেজাজ কার্যত যুদ্ধংদেহী।
এই পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন সলমন। জানিয়েছেন, যদি কোনও খেলোয়াড় কাউকে অশ্রদ্ধা না করে আগ্রাসী হতে চায়, তাহলে অধিনায়ক হিসেবে তিনি আটকাবেন না! আঘার যুক্তি, ‘প্রতিটি খেলোয়াড়ের নিজস্ব ভঙ্গি থাকে। ফাস্ট বোলারের হাত থেকে যদি আগ্রাসন কেড়ে নেন, তবে আর কী বাকি থাকে? আমি অধিনায়ক হিসেবে ওদের স্বাধীনতা দিই। শর্ত একটাই—দেশ বা প্রতিপক্ষকে অসম্মান করা চলবে না!’
প্রসঙ্গত, আগের দু’দফা লড়াইয়ে হ্যারিস রউফ (Haris Rauf) আর সাহিবজাদা ফারহানের (Sahibzada Farhan) ভঙ্গি নিয়ে রীতিমতো অশান্তির ঝড় ওঠে। ফারহানের বন্দুক-সেলিব্রেশন, রউফের যুদ্ধবিমান নামানোর অঙ্গভঙ্গি বিতর্ক পাকিয়েছে। শেষ পর্যন্ত রউফকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। ফারহান পেয়েছেন সতর্কবার্তা।
এদিকে শনিবার ফাইনালের আগে প্রচলিত ট্রফি ফটোশুটে ভারত না আসায় নতুন করে হইচই। সলমন যদিও শান্ত। বলেছেন, ‘আমরা নিয়ম মেনেই চলব। বাকিটা ওদের ব্যাপার!’
মঞ্চ এখন পুরো প্রস্তুত। এশিয়া কাপের ইতিহাসে প্রথম ভারত–পাক ফাইনাল। আবেগ, রাজনীতি, নিরাপত্তা—সব ছাপিয়ে নজর থাকবে বাইশ গজে। তবু এতকিছুর মধ্যে ম্যাচের আগের দিনই ভারতকে ‘নীতিপাঠ’ শোনাতে ভুললেন না পাকিস্তান অধিনায়ক।