দেহে নয়, ব্যাট হাতে ‘ওজনদার’ ক্রিকেটার হয়ে উঠুন বৈভব সূর্যবংশী। এটাই কামনা দ্রাবিড়ের, প্রার্থনা দেশের তামাম ক্রিকেট অনুরাগীর।

বৈভব ও দ্রাবিড়
শেষ আপডেট: 18 June 2025 15:30
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের আবিষ্কার। ভারতীয় ক্রিকেটের সম্ভাবনাময় ক্রিকেটার। সমস্তিপুরের বিস্ময় কিশোর!
বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) নামের আগে জুড়ে গিয়েছে এমন হাজারো বিশেষণ। এবারের আইপিএলে (IPL) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) জার্সিতে ব্যাট হাতে তুফান তুলেছেন। প্রথম বলেই ছক্কা। দ্বিতীয় ইনিংসে রেকর্ড ভাঙা শতরান—মাত্র ৩৬ বলে!
এরপর অনূর্ধ্ব-১৯ জাতীয় দলে ডাক, ইংল্যান্ড উড়ে যাওয়ার আগে তরুণদের উদ্দেশে ভাষণ—সেটাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধে, জস বাটলারের মতো তারকার উচ্ছ্বাস ও প্রশস্তি… বৈভবের দুনিয়াটাই গত কয়েক মাসে গিয়েছে বদলে।
এই পরিবর্তন ছাপ ফেলুক ক্রিকেটারের বহিরঙ্গে, তাঁর লাইফস্টাইলে, এটা বোধ হয় কিছুতেই চাননি রাহুল দ্রাবিড়। তাই বৈভবের বাবাকে সাফ বলেন, ‘ছেলে এক সময় আপনার ছিল। এখন আমাদের। আমরাই ওকে গড়ে তুলব। বৈভব পরিবারের অংশ। শুধু কথা দিন, ওকে মোবাইল ও ইন্টারনেট মিডিয়া থেকে সরিয়ে রাখবেন। বৈভবকে এমন খেলোয়াড় বানাব, যে দেশের হয়ে খেলব।‘
কিন্তু দ্রাবিড়ের পরামর্শ অক্ষরে অক্ষরে মেনেছেন বৈভব? একটু হলেও কি পদস্খলন হয়নি? আইপিএলের পর বৈভবের ওজন বেড়ে যাওয়ার বেশ কিছু ছবি সামনে আসে। ঘটনার সত্যতা মেনে নিয়েছেন সঞ্জীব সূর্যবংশী, বৈভবের বাবা। বলেছেন, ‘এটা ঠিক যে ওর ওজন বেড়ে গিয়েছিল। কিন্তু এখন ও আগের মতো খায় না। ব্যালান্সড ডায়েট মেনে চলে। জিমে যায়। ওজন যতটুকু বেড়েছিল, কমে গিয়েছে।‘
দেহে নয়, ব্যাট হাতে ‘ওজনদার’ ক্রিকেটার হয়ে উঠুন বৈভব সূর্যবংশী। এটাই কামনা দ্রাবিড়ের, প্রার্থনা দেশের তামাম ক্রিকেট অনুরাগীর।