
নীতিশ রেড্ডি এবং যুবরাজ সিং
শেষ আপডেট: 10 October 2024 13:34
দ্য ওয়াল ব্যুরো: কে বলবে এটা আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারের দ্বিতীয় ম্য়াচ। নীতিশ কুমার রেড্ডি যে ধামাকাদার মেজাজে ব্যাট করলেন, সেই দৌলতে ইতিমধ্যে তিনি একাধিক রেকর্ড কায়েম করে ফেলেছে। টিম ইন্ডিয়ার এই 'তরুণ তুর্কি' সাতটা ছয় এবং চারটে বাউন্ডারির সৌজন্যে ৭৪ রানের একটি বিধ্বংসী ইনিংস টিম ইন্ডিয়াকে উপহার দেন। এই ম্য়াচে তিনি মাত্র ৩৪ বল খেলেছেন এবং সেইসঙ্গে চার ওভারের বোলিং কোটায় জোড়া উইকেটও শিকার করেছেন।
ভারতের ২১ বছর বয়সি এই ক্রিকেটার ইতিমধ্যে একাধিক রেকর্ড কায়েম করেছেন। নীতিশ টিম ইন্ডিয়ার প্রথম ক্রিকেটার যিনি টি-২০ ফরম্যাটে ৭০-এর বেশি রান করার পাশাপাশি জোড়া উইকেট শিকার করলেন। এই রেকর্ড ভারতের কিংবদন্তী অলরাউন্ডার যুবরাজ সিং কিংবা রবীন্দ্র জাদেজার দখলেও নেই।
এর আগে জিম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজে টিম ইন্ডিয়ায় জায়গা পেয়েছিলেন নীতিশ। কিন্তু, চোটের কারণে খেলতে পারেননি তিনি। অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচরমণ্ডলী নীতিশকে নিজের যোগ্যতা প্রমাণ করার আরও একটা সুযোগ দিয়েছেন। আর এবার তিনি শুধুমাত্র লেটার মার্কসই নয়, ফার্স্ট ডিভিশনে পাশ করলেন। দিল্লিতে আয়োজিত ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টি-২০ ম্য়াচে তিনি সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন।
২০২৪ আইপিএল টুর্নামেন্টে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অলরাউন্ড পারফরম্যান্স করেছিলেন নীতিশ। এরপর থেকেই তাঁর টিম ইন্ডিয়ায় ডেবিউ নিয়ে একাধিক জল্পনা শুরু হয়েছিল। টি-২০ ফরম্যাট থেকে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজার অবসরের পর একটা নতুন দল গঠন করা হয়। পাশাপাশি গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার পর, আইপিএল ক্রিকেটারদের উপর বেশি করে জোর দেওয়া শুরু হয়। আর সেকারণেই টিম ইন্ডিয়ায় জায়গা হয় নীতিশের।
গোয়ালিয়র ম্য়াচে মুরলি কার্তিক টিম ইন্ডিয়ার ক্যাপ নীতিশের হাতে তুলে দিয়েছিলেন। ওই ম্য়াচে তিনি ১৬ রানে অপরাজিত থাকেন এবং ভারতীয় ক্রিকেট দল ৭ উইকেটে জয়লাভ করেছিল।
প্রসঙ্গত, ২০২৬ সালে টি-২০ বিশ্বকাপের আসর ভারত এবং শ্রীলঙ্কায় বসতে চলেছে। নীতিশের মতো এমন অলরাউন্ডার যে টিম ইন্ডিয়ার চাবিকাঠি হতে পারেন, তা বলার অপেক্ষা রাখে না।