একটি ভিডিওতে দেখা যাচ্ছে, নকভি মিডিয়ার প্রশ্ন এড়িয়ে তাঁর গাড়ির দিকে দ্রুতগতিতে হেঁটে যাচ্ছেন। আর তাঁকে পাহারা দিচ্ছেন পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন আফ্রিদি।

মহসিন নকভি
শেষ আপডেট: 9 October 2025 14:11
দ্য ওয়াল ব্যুরো: এবার নিজের দেশেই এশিয়া কাপ ট্রফি (Asia Cup Trophy) বিতর্ক নিয়ে ঘেরাও (Mobbed) হলেন পাকিস্তানের মন্ত্রী তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi)। এমনকি পাক সংবাদমাধ্যম ট্রফি নিয়ে প্রশ্ন করলে রীতিমতো পালিয়ে বাঁচেন তিনি। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের স্পিনার আবরার আহমেদের বিয়ের রিসেপশন পার্টিতে (Abrar Ahmed’s wedding reception)।
আবরারে বিয়ের অনুষ্ঠানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) প্রধান মহসিন নকভিকে এশিয়া কাপ ২০২৫ ট্রফি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানান। গত মাসে দুবাইয়ে ভারত পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ ২০২৫ জিতেছিল। ফাইনালের পর, সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল নকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানায়।
এরপর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি স্টেডিয়াম থেকে ট্রফি এবং বিজয়ী খেলোয়াড়দের পদক তাঁর হোটেলে নিয়ে যান। তাই, ভারতীয় দলকে আনুষ্ঠানিকভাবে ট্রফিটি দেওয়া হয়নি। মিডিয়া রিপোর্ট অনুসারে, এশিয়া কাপ ট্রফিটি এখন আমিরাশাহি ক্রিকেট বোর্ডের কাছে রয়েছে। তবে, কখন বা কীভাবে ট্রফিটি ভারতের কাছে হস্তান্তর করা হবে তা স্পষ্ট নয়।
চলতি সপ্তাহে নকভি পাকিস্তানের স্পিনার আবরার আহমেদের বিয়ের রিসেপশনে যোগ দিয়েছিলেন। সেখানে তিনিপাকিস্তানি সংবাদমাধ্যমের তীব্র প্রশ্নের মুখোমুখি হন। পাকিস্তানের টোকে স্পোর্টস (টাইমস অফ করাচি) দ্বারা শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, নকভি মিডিয়ার প্রশ্ন এড়িয়ে তাঁর গাড়ির দিকে দ্রুতগতিতে হেঁটে যাচ্ছেন। আর তাঁকে পাহারা দিচ্ছেন পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন আফ্রিদি।
Chairman PCB & Asian Cricket Council President Moshin Naqvi, faced questions about the ACC trophy controversy during Abrar Ahmed’s valima in Karachi. Here’s his response.#AsiaCup2025 #Karachi #TOKSports pic.twitter.com/788xkFa0ka
— TOK Sports (@TOKSports021) October 6, 2025
ভিডিওতে একজন সাংবাদিক নকভিকে প্রশ্ন করেন, "এশিয়া কাপ ট্রফির ভবিষ্যৎ কী?" এরপরই নকভি প্রশ্নের উত্তর না দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। চুপ করে থেকে গাড়িতে ওঠার সময় হেসে বেরিয়ে যান তিনি।
নকভির বিরুদ্ধে দায়িত্ববিধি এবং আনুষ্ঠানিক প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ রয়েছে। বিজয়ী ভারতীয় দলকে ট্রফি থেকে দূরে রেখে তিনি এসিসি প্রধানের দায়িত্ব লঙ্ঘন করেছেন এবং প্রতিষ্ঠিত আনুষ্ঠানিকতাও লঙ্ঘন করেছেন। এর ফলে ক্রিকেট প্রশাসনের সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিসিসিআই স্পষ্ট জানিয়েছে যে, তারা আইসিসির কাছে এই বিষয়টি তুলে ধরবে।
আসন্ন আইসিসির সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, বিসিসিআই নকভির বিরুদ্ধে এসিসি প্রধানের পদ থেকে অপসারণের দাবিও করছে। বিসিসিআই জানিয়েছে, নকভির আচরণ এবং প্রোটোকল লঙ্ঘন এশিয়ান ক্রিকেট সংস্থা এবং আইসিসি, উভয়েরই সুনামকে ক্ষতিগ্রস্ত করেছে।