বিজয় হাজারে ট্রফি শুরু হচ্ছে ২৪ ডিসেম্বর। তার আগে রোহিতের অংশগ্রহণ নিশ্চিত হলেও নজর এখন কোহলির দিকে—দেশের হয়ে খেলার টিকিট নিশ্চিত করতে আদৌ মাঠে ফিরবেন তিনি?

বিরাট ও রোহিত
শেষ আপডেট: 12 November 2025 12:33
দ্য ওয়াল ব্যুরো: ওয়ানডে দলে থাকতে চাইলে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে—রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলিকে (Virat Kohli) সাফ বার্তা দিল বিসিসিআই (BCCI)। দু’জনেই টেস্ট ও টি২০ থেকে অবসর নিয়েছেন। এখন শুধু ওয়ানডে-তে সক্রিয়। ফলে ফিটনেস আর ম্যাচ প্র্যাকটিস ধরে রাখার জন্য বোর্ড চায়, তাঁরা যেন ঘরোয়া প্রতিযোগিতায় নামেন।
বিসিসিআই সূত্রে খবর, নির্বাচক কমিটি ও টিম ম্যানেজমেন্ট দুই তারকাকে জানিয়ে দিয়েছে—ভারতের হয়ে খেলতে চাইলে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ বাধ্যতামূলক। যার সোজা অর্থ, ওয়ানডে স্কোয়াডে বিবেচনায় থাকতে হলে খেলতে হবে বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy)।
বোর্ডের এক আধিকারিক ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে বলেন, ‘বোর্ড ও টিম ম্যানেজমেন্ট জানিয়ে দিয়েছে, রোহিত ও বিরাট যদি ভারতের হয়ে খেলতে চান, তাহলে ঘরোয়া ক্রিকেটে নামতেই হবে। এখন তাঁরা দুই ফরম্যাটে অবসর নিয়েছেন, তাই ম্যাচ ফিট থাকতে এটা জরুরি!’
সূত্র বলছে, রোহিত ইতিমধ্যেই মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (MCA) জানিয়েছেন, তিনি বিজয় হাজারে ট্রফিতে খেলতে প্রস্তুত। এমনকি প্রয়োজনে সৈয়দ মুস্তাক আলি টি২০-তেও (Syed Mushtaq Ali Trophy) নামতে পারেন। অন্যদিকে, ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে খেলবেন কি না, এই নিয়ে বিরাট সরাসরি কিংবা পরোক্ষেও কোনও মন্তব্য করেননি।
এই পরিস্থিতি নতুন নয়। আগেও বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border-Gavaskar Trophy) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হতাশাজনক ফলাফলের পর বোর্ড নির্দেশ দিয়েছিল ঘরোয়া ক্রিকেটে ফেরার। তখন দু’জনেই রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) একটি মাত্র ম্যাচ খেলেছিলেন। তবে এরপরও ইংল্যান্ড সফরের আগে আন্তর্জাতিক টেস্ট ও টি২০ থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। এবার ওয়ানডে-তে খেলা চালিয়ে যাওয়ার লক্ষ্যে ফের বোর্ডের একই নির্দেশ—বিশ্বকাপ টার্গেট হলে ঘরোয়া ক্রিকেটে গা ঘামতেই হবে। বিসিসিআইয়ের নির্বাচক প্রধান অজিত আগরকর (Ajit Agarkar) কিছুদিন আগেই বিষয়টি স্পষ্ট করে বলেছিলেন, ‘আমরা এক বছর আগে থেকেই বলে আসছি—যখন খেলোয়াড়রা ফাঁকা থাকবেন, তাঁদের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। এটা খেলায় ধার বজায় রাখার একমাত্র উপায়!’
সম্প্রতি অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ওয়ানডে সিরিজে জাতীয় দলে কামব্যাক। তিন ম্যাচের সিরিজে রোহিত করেছিলেন একটি করে অর্ধশতরান ও শতরান, পেয়েছেন সিরিজের সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও। বিরাটও শেষ ম্যাচে ৭৪ রানের ইনিংসে ছন্দে ফেরার ইঙ্গিত দেন।
এই আবহে বিজয় হাজারে ট্রফি শুরু হচ্ছে ২৪ ডিসেম্বর। তার আগে রোহিতের অংশগ্রহণ নিশ্চিত হলেও নজর এখন কোহলির দিকে—দেশের হয়ে খেলার টিকিট নিশ্চিত করতে আদৌ মাঠে ফিরবেন তিনি?