
টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ সিরাজ
শেষ আপডেট: 2 October 2024 12:10
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ।
চেন্নাইয়ে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচে ২৮০ রানে পরাজিত হওয়ার পর, কানপুরে আয়োজিত দ্বিতীয় টেস্টেও ৭ উইকেটে হেরে গিয়েছে। আর বাংলাদেশকে হারানোর পর কার্যত গর্জন করলেন টিম ইন্ডিয়ার স্পিড ব্যাটারি মহম্মদ সিরাজ।
কানপুর টেস্টের পর সিরাজ তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, 'বৃষ্টি কখনই আমাদের থামাতে পারবে না। আমরা চ্যাম্পিয়ন।' সিরাজের পোস্টটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। প্রসঙ্গত, আজ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দল ভারতের বিরুদ্ধে কোনও টেস্ট সিরিজ জিততে পারেনি।
তবে কানপুর টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়ার জয় অতটাও সহজ ছিল না। বৃষ্টির কারণে এই টেস্ট ম্যাচের অনেকটা সময়ই খেলা সম্ভব হয়নি। প্রথম দিন ৩৫ ওভারের পর ঝমঝমিয়ে বৃষ্টি নামে। সেই রেশ দ্বিতীয় দিনও চলে।
তৃতীয় দিন বৃষ্টি না হলেও, গোটা মাঠজুড়ে (আউটফিল্ড) এতটাই কাদা ছিল যে ম্যাচ শুরুই করা যায়নি। অবশেষে চতুর্থদিন খেলা শুরু হয়েছে। মোটের উপর মাত্র আড়াই দিনের মধ্যে বাংলাদেশকে কার্যত দুরমুশ করে দিল ভারতীয় ক্রিকেট দল।