
শেষ আপডেট: 14 December 2023 00:14
দ্য ওয়াল ব্যুরো: ওয়ান ডে বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করেছেন মহম্মদ শামি। তিনি সাত ম্যাচে মোট উইকেট পেয়েছেন ২৪টি। একাধিকবার পাঁচ উইকেট পেয়েছেন।
প্রথমে তিনি সুযোগ পাননি, তারপর জ্বলে উঠেছেন ভারতের নামী পেসার। মেগা আসর শেষ হয়ে গেলেও শামি বারবার খবরে এসেছেন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে শামি ৫ উইকেট নেওয়ার পরে হাঁটু মুড়ে বসে পড়েছিলেন। সেই নিয়ে নেটিজেনদের একাংশ তাঁকে নিয়ে নানা মন্তব্য করেছিলেন। এবার সেই নিয়ে চরম প্রতিক্রিয়া জানালেন শামি। তিনি বলেছেন, যাঁদের কোনও কাজ নেই তাঁরাই এসব নিয়ে বেশি ভাবেন।
শামি আরও জানান আমার যদি প্রার্থনা করতে মন চায় কে আমায় আটকাবে? আমি নমাজ পড়তে চাইলে কারও কি অনুমতি নিতে হবে? সেরকম হলে এই দেশে থাকার চেয়ে অন্য দেশে থাকা ভাল।
ভারতের এই সফল পেসারের আরও বক্তব্য, আমি যেমন একজন ভারতীয় হিসেবে গর্বিত। তেমনি একজন মুসলিম ধর্মাবলম্বি হিসেবেও। তাই এমন মন্তব্য করার আগে অনেকবার ভাবা উচিত।
শামি আরও জানান আমি এর আগেও অনেকবার পাঁচ উইকেট নিয়েছি। কিন্তু কেউ কি দেখেছেন আমি মাঠের মধ্যে নমাজ পড়েছি? সেদিন আসলে তিন উইকেট নেওয়ার পরে ভাবছিলাম কিভাবে আরও উইকেট বাড়ানো যায়। তাই আমি ৫ উইকেট নিয়ে অনেকটা ক্লান্ত হয়েই মাটিতে হাঁটু মুড়ে বসেছিলাম। কিন্তু কিছু মানুষ তার অন্য মানে করল। অথচ আমি দেশের হয়ে খেলার সময় নিজের ২০০ শতাংশ দিয়ে থাকি। আসলে যারা এসব বলে তারা কোনওদিন কারও পক্ষে থাকে না।