চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (RCB) হারাতে পারলে আইপিএলের (IPL 2025) নক আউট পর্বে ওঠার রেসে টিকে থাকতে পারত কলকাতা নাইট রাইডার্স (KKR)। সবই অঙ্কের হিসেবে। সেই অঙ্ক ভন্ডুল করে দিল বৃষ্টি।

অ্যারন ফিঞ্চ
শেষ আপডেট: 18 May 2025 17:52
দ্য ওয়াল ব্যুরো: প্লে-অফে (IPL Play-off) ওঠার আশা মিটমিট করে জ্বলছিল। নিভুনিভু সে আশা ঝুপ করে নিভে গেল গতকাল। চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (RCB) হারাতে পারলে আইপিএলের (IPL 2025) নক আউট পর্বে ওঠার রেসে টিকে থাকতে পারত কলকাতা নাইট রাইডার্স (KKR)। সবই অঙ্কের হিসেবে। সেই অঙ্ক ভন্ডুল করে দিল বৃষ্টি। ভেস্তে গেল ম্যাচ। দুই দলই পেল এক পয়েন্ট। আর প্লে-অফের দৌড় থেকে এবারের মতো ছিটকে গেল নাইট বাহিনী। গতবারের চ্যাম্পিয়ন দলের জন্য এবারের আইপিএল মোটেও সুখকর হয়ে রইল না।
যদিও খলনায়ক প্রকৃতি বা ভাগ্য নয়—টুর্নামেন্ট থেকে লজ্জার বিদায় নিয়ে যদি কাউকে দুষতেই হয়, তাহলে কেকেআরের উচিত নিজেদের দিকে তাকানো, আত্মসমালোচনা করা। এই ভাষাতেই নাইটদের বিঁধলেন প্রাক্তন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ (Aaron Finch)। জানিয়েছেন, একাধিক দলগত সিদ্ধান্ত—সেটা ব্যাটিং অর্ডার নিয়ে হতে পারে, হতে পারে টিম বাছাই সংক্রান্ত—সমস্ত ক্ষেত্রে ভুল করেছেন অজিঙ্কা রাহানেরা। দিনের শেষে এরই মাশুল গুনতে হয়েছে।
ফিঞ্চ একটি আলোচনায় নাইটদের ভরাডুবির কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ‘এবারের জার্নি ওদের জন্য স্মরণীয় ছিল না। আন্দ্রে রাসেল (Andre Russell), যে অনেক দিন ধরেই দলের ম্যাচ উইনার, এবার ব্যাটিং অর্ডারে অনেক নীচের দিকে নেমেছে। ম্যাচে প্রভাব ফেলার মতো সময়, সুযোগ কোনওটাই সেভাবে পায়নি। তাই কেকেআরের উচিত নিজেদের দোষারোপ করা।‘
চলতি আইপিএলে চেন্নাই ম্যাচকেই (CSK vs KKR) কলকাতার পতনের অন্যতম মুহূর্ত হিসেবে ব্যাখ্যা করতে চেয়েছেন ফিঞ্চ। বলেছেন, ‘সিএসকে ম্যাচ কেকেআরের জেতার কথা। ওরা সেটা পারেনি। আর তার জন্য নিজেদের দোষ দেওয়া উচিত। লড়াই শেষ হওয়ার মুহূর্তে ছিল আর ঠিক সেই সময় ম্যাচের রাশ হাত থেকে ফস্কে যায়। শুধু এই একটাই নয়। এবারের মরশুমে এমন অনেক ম্যাচে কেকেআর জ্বলে উঠতে ব্যর্থ হয়েছে।‘