এক বছরের কান্না, অ্যাংজাইটির চোখরাঙানি আর অবসাদের মধ্যেও আলো খুঁজে নেওয়ার নাম - জেমাইমা রদ্রিগেজ।

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 31 October 2025 11:31
দ্য ওয়াল ব্যুরো: এক বছর আগেও দলের বাইরে ছিলেন তিনি। প্রতিটা দিন কেটেছে সন্দেহ, অনিশ্চয়তা আর চরম অ্যাংজাইটিকে (anxiety) সঙ্গী করে। কিন্তু সেই দুঃসময়ের ছাই ঝেড়ে আজ উঠে দাঁড়িয়েছেন নতুন করে - ভারতীয় ক্রিকেটের (Indian Cricket) এক নির্ভীক মুখ জেমাইমা রদ্রিগেজ (Jemimah Rodrigues)।
মহিলা ক্রিকেট বিশ্বকাপের (Women’s World Cup 2025) সেমিফাইনালে অস্ট্রেলিয়ার (India vs Australia) মতো সাতবারের চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে যখন চাপ চূড়ান্ত, তখন ব্যাট হাতে জেমাইমা রদ্রিগেজ যেন হয়ে উঠলেন স্থিতধী, সাহসের প্রতীক। ১৩৩ বলে ১২৭ রান (অপরাজিত), শুধু এক ইনিংস নয়, যেন এক যাত্রা, চোখের জলের ওপারে সাফল্যের কাছাকাছি পৌঁছনোর গল্প।
মাঠের বাইরের গল্পটা এতটা সোজা ছিল না। প্রতিনিয়ত লড়াই চলেছে নিজের সঙ্গে নিজের। মাঠে যে লড়াই প্রতিটি ভারতীয়র মন জয় করে নিয়েছে, তখন মনের অন্দরেই অ্যাংজাইটির চরম দাপটের সঙ্গে লড়ে চলেছিলেন জেমাইমা। একটা দিনও যায়নি, যেদিন ভেঙে পড়েননি। তবু চোখের জলে ঝাপসা হতে দেননি ভারতকে জয়ের পথে এগিয়ে যাওয়ার লক্ষ্য।
শেষ ওভারে যখন ভারতের জয় নিশ্চিত, তখনও জেমাইমার চোখে শুধুই জল। “আজ আমার পঞ্চাশ বা শতরান নয়, আজ ছিল ভারতের জয়,” বললেন ম্যাচসেরা জেমাইমা। তাঁর কথায়, “আমি জানি ভাগ্য আমাকে কয়েকটা সময়েই দেন। আমি শুধু মাঠে দাঁড়িয়ে ছিলাম, আর তিনি লড়েছেন আমার হয়ে।”
জেমাইমার কণ্ঠে তখনও ঝরে পড়ছে অতীতের ব্যথা। “গত বছর আমি বিশ্বকাপ থেকে বাদ পড়েছিলাম। এবার ফিরে এসে নিজের ফর্মটা ধরে রাখার চেষ্টা করছিলাম। কিন্তু কিছুই ঠিকঠাক হচ্ছিল না। প্রতিদিন প্রায় কেঁদেছি। মানসিকভাবে একদম ভেঙে পড়েছিলাম, অ্যাংজাইটিতে ভুগছিলাম। কিন্তু আশেপাশের মানুষরা আমার ওপর বিশ্বাস রেখেছিল। আমি শুধু চেষ্টা করেছি মাঠে হাজির থাকতে, বাকিটা ঈশ্বর সামলে দিয়েছেন,” বললেন তিনি।
মাঠে সেই বিশ্বাসই যেন ঢাল হয়ে দাঁড়ায়। ইনিংসের শেষ দিকে, যখন ক্লান্তিতে শরীর অবসন্ন, তখন নিজের মনেই জেমাইমা ফিসফিস করে আওড়ে যাচ্ছিলেন বাইবেলের একটি পঙ্ক্তি, “Just stand still and God will fight for you.”
এ যেন কেবল খেলার নয়, জীবনেরও এক পাঠ।
এই ইনিংস তাই শুধু পরিসংখ্যান নয়, এক তরুণীর আত্মবিশ্বাস ফিরে পাওয়ার কাব্য। এক বছরের কান্না, অ্যাংজাইটির চোখরাঙানি আর অবসাদের মধ্যেও আলো খুঁজে নেওয়ার নাম - জেমাইমা রদ্রিগেজ।