প্রাক্তন এই পাকি অধিনায়কের দাবি, ইরফান শুধুমাত্র নিজেকে ‘মহান ভারতীয়’ প্রমাণ করার জন্য এই ধরনের মিথ্যা কথা বলেছেন।
.png.webp)
শাহিদ আফ্রিদি
শেষ আপডেট: 20 September 2025 20:17
মিথ্যে বলে নিজেকে ‘মহান ভারতীয়’ প্রমাণ করতে চাইছেন ইরফান, কুকুরের মাংস বিতর্কে দাবি আফ্রিদির
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠানের (Irfan Pathan) শাহিদ আফ্রিদিকে (Shahid Afridi) নিয়ে করা একটি মন্তব্যর প্রসঙ্গে চরম বিতর্ক দেখা দিয়েছে। পাঠান বলেছেন, তিনি নাকি একবার আফ্রিদির উদ্দেশে বলেছিলেন, তিনি কি কুকুরের মাংস খেয়েছেন যে ঘেউঘেউ করছেন।
এবার প্রাক্তন পাক অলরাউন্ডার আফ্রিদি এই প্রসঙ্গে মুখ খুলে জানিয়ে দিলেন, ইরফান পাঠানের কুকুরের মাংস সংক্রান্ত সাক্ষাৎকার (Dog Meat Controversy) সম্পূর্ণ মিথ্যে।
আফ্রিদি পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, এই বিষয়টি সম্পূর্ণ পাঠানের মস্তিষ্কপ্রসূত। এমন কোনও ঘটনাই ঘটেনি। প্রাক্তন এই পাকি অধিনায়কের দাবি, ইরফান শুধুমাত্র নিজেকে ‘মহান ভারতীয়’ প্রমাণ করার জন্য এই ধরনের মিথ্যা কথা বলেছেন।
গত আগস্টে ভারতের সংবাদমাধ্যম লালনটপকে দেওয়া এক সাক্ষাৎকারে পাঠান একটি ঘটনার উল্লেখ করেন, যা ভারতের ২০০৬ সালের পাকিস্তান সফরের সময় বিমানে ঘটেছিল। সেই বিমানে একই সঙ্গে সফর করছিলেন ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা। পাঠানের দাবি ছিল, আফ্রিদি তাঁকে বাচ্চা ছেলে বলে সম্বোধন করেছিলেন আব্দুল রাজ্জকের উপস্থিতিতে।
পাঠান সাক্ষাৎকারে বলেন, “আফ্রিদি আমাকে জিজ্ঞেস করেছিল, ‘কেমন আছ, কিড?’ আমি বললাম, তুমি কখন আমার বাবা হয়ে গেলে?”
পাঠান আরো বলেন, “আমি রাজ্জাককে জিজ্ঞেস করেছিলাম, পাকিস্তানিরা কোন ধরনের মাংস খায়, এবং কুকুরের মাংস পাওয়া যায় কি না। রাজ্জাক অবাক হয়ে জিজ্ঞেস করল, ইরফান, তুমি এটা কেন জিজ্ঞেস করছ? আমি উত্তর দিলাম, আফ্রিদি কুকুরের মাংস খেয়েছে, তাই এতক্ষণ ধরে ঘেউ ঘেউ করছেন। এরপর আফ্রিদি কিছু বলতে পারেনি। যদি কিছু বলত, আমি বলতাম, দেখ, আফ্রিদি আরও বেশি ঘেউ ঘেউ করছে।”
আফ্রিদি এই মন্তব্যের জবাবে বলেন, এটি মিথ্যা এবং পাঠান কেবল নিজেকে একজন মহান ভারতীয় প্রমাণ করার জন্য এই ধরনের কথা বলছেন। আফ্রিদি অভিযোগ করেন, পাঠান পাকিস্তানি ক্রিকেটারদের কটাক্ষ ছাড়া নিজেকে ভারতীয় প্রমাণ করতে জানেন না। আফ্রিদি বলেন, “আমি সেই মানুষকে পুরুষ মনে করি যারা মুখোমুখি কথা বলতে পারে এবং চোখে চোখে তাকাতে পারে।”