আইপিএল ২০২৬-এর শুরুটা জঘন্য হয়েছে কেকেআরের। প্রথম দুই ম্যাচে লজ্জাজনক হারের পর ঘুরে দাঁড়াতে ২০১২ সালের মতো কোনো সাহসী সিদ্ধান্তের খোঁজে নাইটরা। ক্যামেরন গ্রিনের চোট, রাসেলের অভাব—কেমন হতে পারে পঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের প্রথম একাদশ?

অজিঙ্ক রাহানে
শেষ আপডেট: 3 April 2026 10:32
দ্য ওয়াল ব্যুরো: এবারের জার্নির শুরুটা জঘন্য, কদর্য। প্রথম দুই ম্যাচে একপেশে হার। বলা ভাল ‘নির্লজ্জ আত্মসমর্পণ’! যা উনিশতম আইপিএল সংস্করণে কেকেআরের জার্নি ঠিকমতো শুরুর আগেই শেষের অশনিসংকেত বয়ে আনছে। কিন্তু আশাবাদী যারা, চরম ব্যর্থতার পরেও ঘুরে দাঁড়ানোর ইশারা খোঁজে, তারা ফিরে যাচ্ছে ১৪ বছর আগে। তুলে আনছে ২০১২ সালের ঘটনা। সেবারও কলকাতা নাইট রাইডার্স প্রথম দুই ম্যাচে হেরেছিল—দিল্লির কাছে আট উইকেটে, রাজস্থানের বিরুদ্ধে ২২ রানে।
কিন্তু তারপরই সাহসী সিদ্ধান্ত নিল দল। ব্রেন্ডন ম্যাককালামের মতো তারকাকে বাদ দিয়ে মাঠে নামানো হল মনবিন্দর বিসলাকে। সেই বদলই ঘুরিয়ে দিল মোড়—পরের ৭ ম্যাচে ৬টি জয়, শেষে আইপিএল শিরোপা। এবার প্রথম দুই ম্যাচে মুম্বই ও সানরাইজার্সের কাছে হেরে কেকেআর (Kolkata Knight Riders) ফের একই জায়গায়। স্বাভাবিকভাবে প্রশ্ন জেগেছে: ইতিহাস আবারও পথ দেখাবে? নাকি ব্যর্থতার অতলে তলিয়ে যাবে রাহানে বাহিনী।
সমস্যার নাম ক্যামেরন গ্রিন
মূল সংকট পরিষ্কার। ক্যামেরন গ্রিন (Cameron Green) এই মুহূর্তে বোলিং করছেন না—চোটের কারণে। ২৫ কোটি টাকায় কেনা এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শুধু ব্যাটার হিসেবে মাঠে নামছেন। যার ফলে একজন বিশেষজ্ঞ বোলারের জায়গা কমে যাচ্ছে। সুনীল গাভাসকর যেমন নিখুঁতভাবে সমস্যাটা ধরিয়ে দিলেন—‘গ্রিন যদি বোলিং না করে, তাহলে আলাদা একজন ব্যাটার আনতে হবে। ছয় ও সাত নম্বরে কে খেলবে সেটাই এখন বড় প্রশ্ন। রিঙ্কু আছে—কিন্তু তারপর?’ কেকেআর ম্যানেজমেন্ট মানুক চায় না মানুক, আন্দ্রে রাসেলের (Andre Russell) মতো পাওয়ারহিটারের শূন্যতা ক্রমশ প্রকট হচ্ছে।
কে আসতে পারে দলে?
তিনটি বিকল্প মুখ উঠে এসেছে আলোচনায়।
প্রথম—রোভম্যান পাওয়েল। সম্প্রতি ১১ টি-২০ ম্যাচে ২৬৯ রান। পিঞ্চহিটার হিসেবে আদর্শ। কিন্তু তাঁকে আনলে সুনীল নারিন বা মুজারবানিকে বাদ দিতে হবে। তাতে বোলিং আরও দুর্বল হওয়ার জোর সম্ভাবনা।
দ্বিতীয়—টিম সাইফার্ট। ফিন অ্যালেনের সঙ্গে নিউজিল্যান্ড দলে পরিচিত। ওপেনিংয়ে শক্তি বাড়াতে পারেন।
তৃতীয়—তেজস্বী সিং। দিল্লি প্রিমিয়ার লিগে গত মরসুমে ১০ ইনিংসে ৩৩৯ রান, স্ট্রাইক রেট ১৯০-এর বেশি। ১২ বলে অর্ধশতরান—ডিপিএলের রেকর্ড। ঝুঁকি আছে, কিন্তু সম্ভাবনাও প্রবল।
নারিন কি ওপেনিংয়ে ফিরবেন?
সানরাইজার্সের বিরুদ্ধে সুনীল নারিন (Sunil Narine) প্রথম দুই বলে দুই ছক্কা মেরেছিলেন। ২০২৪ সালে ওপেনে নেমে সফল। এবার আবার সেই পথে এগলে ফিন অ্যালেন ও নারিন—দুই আক্রমণাত্মক ওপেনার। কিন্তু সমস্যা হল সেক্ষেত্রে রাহানে ও রঘুবংশীকে তিন ও চারে নামাতে হবে। এঁরা ফিল্ডিং ছড়িয়ে গেলে প্রায়শই মিডল ওভারে রানের গতি থামিয়ে দেন। তাতে বিপদ বাড়বে বৈ কমবে না!
উল্লেখ্য, ৬ এপ্রিল ইডেন গার্ডেনসে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কেকেআরের পরবর্তী ম্যাচ। প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ার এবার বিপক্ষ শিবিরের অধিনায়ক। সেই ম্যাচেও বিধ্বস্ত হওয়ার অর্থ তিন ম্যাচে তিন হার। মানে মরসুম কার্যত শেষ।
সময় কম। কেকেআরের কাছে চূড়ান্ত কিছু সিদ্ধান্ত নেওয়ার মুহূর্ত এসে গিয়েছে।