আরসিবির নকআউট পর্বের রেকর্ড কিন্তু ভাল নয়। একবারও আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি বেঙ্গালুরু। তবে এবার কিন্তু বিরাট কোহলিদের মরিয়া দেখাচ্ছে।
.png.webp)
আরসিবি বনাম পিবিকেএস
শেষ আপডেট: 29 May 2025 14:17
দ্য ওয়াল ব্যুরো: আজ কোয়ালিফায়ার-১-এ (Qualifier-1) মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল পাঞ্জাব কিংস (Punjab Kings) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। যে জিতবে সেই উঠে যাবে আইপিএল ২০২৫ (IPL 2025)-এর ফাইনালে। তবে যে দল হারবে তার কাছেও অবশ্য ফাইনালে ওঠার একটি সুযোগ থাকবে। তখন তাদের খেলতে হবে এলিমিনেটর-১ থেকে জিতে আসা দলের বিরুদ্ধে। তবে আজ দুই দলই নামতে চলেছে ফাইনালে ওঠার লক্ষ্য নিয়েই।
পাঞ্জাব শেষ বার প্লে অফে পৌঁছেছিল ২০১৪ সালে। ১১ বছর পর ফের তারা প্লে অফে উঠেছে গ্রুপ পর্বের শীর্ষে থেকে। বিশেষজ্ঞদের মতে, এই কৃতিত্ব প্রধানত অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং প্রধান কোচ রিকি পন্টিং জুটির। এই জুটির রসায়ন দলের সংস্কৃতি বদলে দিয়েছে।
এদিকে আরসিবির নকআউট পর্বের রেকর্ড কিন্তু ভাল নয়। একবারও আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি বেঙ্গালুরু। তবে এবার কিন্তু বিরাট কোহলিদের মরিয়া দেখাচ্ছে।
পাঞ্জাবের পরিস্থিতি:
এবার চমকে দিয়েছে পাঞ্জাব। প্রীতি জিন্তার দলকে আইপিএল ২০২৫ শুরুর আগে সেই ভাবে কেউ ধর্তব্যের মধ্যে রাখেননি। কিন্তু চলতি আইপিএলে সব থেক ধারাবহিক এই দল। পাশাপাশি দলগত পারফরম্যান্সের ক্ষেত্রেও তারা অন্য দলগুলিকে টেক্কা দিচ্ছে। তাদের প্রধান শক্তি প্রভসিমরন সিং এবং প্রিয়াংশ আর্যের ওপেনিং জুটি। এই জুটি যে ভিত গড়ে দিচ্ছেন তার উপর দাঁড়িয়ে বড় ইমারত তৈরি করছেন শ্রেয়স আইয়ার জশ ইংলিস। ফিনিশার হিসাবে শশাঙ্ক সিং প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করে চলেছেন। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টোইনিস দলের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন এবার।
তবে আজকের ম্যাচের আগে পাঞ্জাবের উদ্বেগের বিষয় হল তাদের বোলিং বিভাগ। দেশের হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার জন্য পিবিকেএস শিবির ছেড়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো জ্যানসেন। জ্যানসেন পাওয়ারপ্লে এবং ডেথ ওভারে এবার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কাইল জেমিসন শুরুটা ভাল করলেও নিজেকে প্রমাণ করতে পারেননি। তবে আজ জ্যানসেনের পরিবর্তে অবশ্য দেখা যেতে পারে আফগান অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাইকে।
এদিকে, আঙুলের চোটের কারণে শেষ দু’টি ম্যাচ খেলতে পারেননি লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। তবে আশা করা যাচ্ছে আজকের ম্যাচে খেলবেন তিনি। হারপ্রীত ব্রারের সঙ্গে চাহালের স্পিন জুটি বেঙ্গালুরুকে সমস্যায় ফেলতে পারে।
বেঙ্গালুরুর পরিস্থিতি:
টুর্নামেন্টের শেষ পর্যায়ে এসে আরসিবির চিন্তা বাড়িয়েছিল কিছু ক্রিকেটারের চোট। তবে সেই সমস্যা এখন অবশ্য অনেকটাই কমেছে। ফাস্ট বোলার জশ হ্যাজেলউডের ফিরে আসা আরসিবি শিবিরে বাড়তি অক্সিজেন হিসাবে কাজ করছে। এবার অজি পেসার দুরন্ত ফর্মে রয়েছেন, পাশাপাশি তিনি দলের বোলিং ইউনিটকে নেতৃত্বও দিচ্ছেন।
তবে টিম ডেভিড আজ খেলবেন কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তিনি থাকলে নিশ্চিত ভাবেই বেঙ্গালুরুর ব্যাটিং গভীরতা অনেকটাই বেড়ে যাবে।
আরসিবি বেশ কয়েক বছর ধরে তাদের টপ-অর্ডার ব্যাটারদের উপর অতিরিক্ত নির্ভরশীল। কিন্তু এবার মিডল অর্ডারে জিতেশ শর্মার মতো খেলোয়াড় থাকায় পরিস্থিতি পালটেছে। গত ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে প্রায় একার হাতে ম্যাচ জিতিয়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। তবে আজও হয়তো নিয়মিত অধিনায়ক রজত পাতিদারকে ইমপ্যাক্ট সাব হিসাবেই দেখা যাবে।
কোয়ালিফায়ার-১ ম্যাচের জন্য আরসিবি এবং পাঞ্জাবের সম্ভাব্য দল:
আরসিবি: ফিল সল্ট, বিরাট কোহলি, মায়াঙ্ক আগরওয়াল, টিম ডেভিড, জিতেশ শর্মা, রোমারিও শেফার্ড, ক্রুণাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, জশ হ্যাজলউড, সুয়াশ শর্মা/ রজত পাতিদার।
পাঞ্জাব: প্রিয়াংশ আর্য, জশ ইংলিস (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টোইনিস, আজমাতুল্লা ওমরজাই, হারপ্রীত ব্রার, কাইল জেমিসন, বিজয় কুমার বিশক/যুজবেন্দ্র চাহাল, আরশদীপ সিং।