
ব্যাটিং ব্যর্থতা, জয়ের স্বাদ পেল না নাইট রাইডার্স।
শেষ আপডেট: 15 April 2025 23:13
দ্য ওয়াল ব্যুরো: কী করে জেতা ম্যাচ মাঠে ফেলে আসতে হয় দেখিয়ে দিলেন নাইটরা (IPL 2025: Kolkata Knight Riders)। হাতের মুঠোয় জয়, কিন্তু মাঠ ছাড়তে হল হেরে গিয়ে। চণ্ডীগড়ে মঙ্গল-রাতে আইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রেয়স আয়ারের পঞ্জাব কিংস ও অজিঙ্কা রাহানের কলকাতা নাইট রাইডার্স। অবিশ্বাস্য হারের ধাক্কা খেল কেকেআর। পঞ্জাবকে মাত্র ১১১ রানে বেঁধে রাখার পরও এই ম্যাচে জয়ের স্বাদ পেল না নাইট রাইডার্স। কারণ, ব্যাটিং ব্যর্থতা।
বেঙ্কটেশ, রিঙ্কু থেকে শুরু করে রাসেল, সকলেই ব্যর্থ এই ম্যাচে। অথচ অঙ্ককৃশ রঘুবংশী এবং অজিঙ্কা রাহানে যখন ব্যাটিং করছিলেন, তখন মনে হয়েছিল হেসেখেলে ম্যাচ জিতে যাবে নাইট ব্রিগেড। কিন্তু তা আর হল কই! মাত্র ৯৫ রানে গুটিয়ে গেল কেকেআরের ইনিংস।
শেষ ভরসা বলতে ছিলেন আন্দ্রে রাসেল। কিন্তু তিনিও বোল্ড হয়ে সাজঘরে ফিরতেই যবনিকা পতন হল কেকেআরের ব্যাটিংয়ের।
এদিন টসে জিতে ব্যাটিং নেয় পঞ্জাব। কিন্তু পুরো ২০ ওভারও খেলতে পারল না শ্রেয়সের দল। গত ম্যাচের মতো ফের দুর্দান্ত বোলিং করলেন হর্ষিত রানা, সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী। মাত্র ২৫ রান দিয়ে ৩ উইকেট নিলেন হর্ষিত। অন্যদিকে, বরুণ ও নারিন ২ টো উইকেট নিয়েছেন। বরুণ ও নারিনের ঘূর্ণি বুঝতেই পারলেন না পঞ্জাবের ব্যাটাররা। গত ম্যাচে চেন্নাইকে হারানোর পরে যে আত্মবিশ্বাস পেয়ে গিয়েছিল নাইটরা, এই ম্যাচেও তার প্রতিফলন দেখা গিয়েছে।
পঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংশ ও প্রভসিমরন সিং ভালো শুরু করলেও বাকি ব্যাটাররা সেভাবে মেলে ধরতেই পারলেন না। ১২ বলে ২২ রান করেন প্রিয়াংশ। অন্যদিকে, ১৫ বলে ৩০ রান করেন প্রভসিমরন। কিন্তু পঞ্জাবের ভরসা অধিনায়ক শ্রেয়স শূন্য রানে আউট হয়েছেন। শ্রেয়সের আউটের পরেই পঞ্জাবের ব্যাটাররা আসা যাওয়ার পালা শুরু করেন। জস ইংলিশকে ২ রানে বোল্ড করে দেন বরুণ। নেহাল ওডাদেরাও (১০) বড়ো রান করতে পারেননি। এদিনও ব্যর্থ গ্লেন ম্যাক্সওয়েল। তিনি ফিরলেন ৭ রানে। শশাঙ্ক সিং চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন। তিনি মাত্র ১৮ রান করেছেন। শশাঙ্ক আউট হওয়ার পরে মার্কো জানসেন (১), জাভিয়ার বার্টলেট (১১) দ্রুত ফিরে যান। আকাশদীপ অপরাজিত থাকেন ৫ রান করে। ১৫.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১১১ রান করে পঞ্জাব।