
ফাইল ছবি।
শেষ আপডেট: 1 May 2025 00:10
দ্য ওয়াল ব্যুরো: হারের সরণিতেই আটকে রয়েছে সিএসকে (CSK)। এদিনও তারা হেরে গেল পিবিকেএসের (PBKS) কাছে। আর চেন্নাইকে তাদের ঘরের মাঠে হারিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এল পঞ্জাব কিংস।
চেন্নাই সুপার কিংসের কাছে এই ম্যাচের গুরুত্ব না থাকলেও, পঞ্জাব কিংসের কাছে ছিল অনেক। এদিন টসে জিতে সন্ধেটা শুরু করেন শ্রেয়স আয়ার। আর সেই সিদ্ধান্ত যে একদম সঠিক ছিল তা বুঝিয়ে দিলেন পঞ্জাবের ক্রিকেটাররা।
এদিন ম্যাচ শেষে সঞ্চালক ড্যানি মরিসনকে মহেন্দ্র সিং ধোনি বলেন, ‘আমরা ঘরের মাঠের সুবিধাকে কাজে লাগাতে পারিনি। সিএসকে এমন একটা দল, যেখানে খুব বিশেষ পরিবর্তন হয়নি কখনও।’
এরপর মরিসনের প্রশ্ন, ‘আপনাকে কি আগামী আইপিএলে দেখা যাবে?’ কেবল এদিন টস বলে নয়, এই প্রশ্নটা এবার আরও বেশি করে বিদ্ধ করছে ৪৩ বছরের মাহিকে। যদিও মরিসনের উত্তরে ধোনি বলেন, ‘জানি না আমি পরের ম্যাচে আদৌ টসে আসব কিনা।’
চেন্নাই প্রথমে ব্যাটিং করে ১৯.২ ওভারে ১৯০ রানে অলআউট হয়ে যায়। দুরন্ত ব্যাটিং স্যাম কুরানের। ৪৭ বলে ৮৮ রান করেন তিনি। কিন্তু ১৭২ রানের মাথায় পঞ্চম উইকেট পড়তেই ধস নামে সিএসকের। চাহালের হ্যাটট্রিকের মাত্র ১৮ রানে ৬ উইকেট হারায় তারা।
জবাবে দুই বল বাকি থাকতে জয়ের রান তুলে নেয় পঞ্জাব। প্রভসিমরন ৫৪ এবং শ্রেয়স আয়ার ৪১ বলে ৭২ রান করেন। শ্রেয়স আউট হওয়ার পর অবশ্য কিছুটা হলেও ম্যাচে ফিরেছিল সিএসকে। কিন্তু মাথিশা পাথিরানা ১৭তম ওভারে ২০ রান দেন, আর ওখানেই ম্যাচ বেরিয়ে যায় চেন্নাইয়ের হাত থেকে।
হারের বৃত্ত থেকে আর বের হওয়া হল না চেন্নাইয়ের। বরং পঞ্জাব জিতে দ্বিতীয় স্থানে উঠে এল লিগ তালিকায়।