পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে বারবার সমস্যায় ফেলেছেন এমন বোলারদের মধ্যে মুজারাবানিকে অগ্রগণ্য মনে করা হয়। এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে মুজারাবানি ৫ বার বাবরকে আউট করেছেন।

ব্লেসিং মুজারাবানি
শেষ আপডেট: 20 May 2025 15:52
দ্য ওয়াল ব্যুরো: ইতিমধ্যে আইপিএল ২০২৫-এর প্লে অফ (IPL 2025 Play Off) নিশ্চিত হয়ে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB)। তবে দলটির দুশ্চিন্তা বাড়িয়েছেন লুঙ্গি এনগিডি (Lungi Engidi)। কারণ সামনেই রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final)। সেখানে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। সেই ফাইনালের জন্য এনগিডিকে রেখেই দল ঘোষণা করেছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড (South African Cricket Board)।
তবে আরসিবি শিবির সূত্রে জানা গিয়েছে, এনগিডির পরিবর্ত পেয়ে গিয়েছে তারা। আর সেই ক্রিকেটার হলেন বিশ্বের অন্যতম লম্বা ক্রিকেটার (Tallest Cricketer) ব্লেসিং মুজারাবানি (Blessing Muzarabani)। লুঙ্গি এনগিডির পরিবর্তে ২৮ বছর বয়সি জিম্বাবুয়ের ফাস্ট বোলার মুজারাবানিকে দলে আনা হয়েছে।
ব্লেসিং মুজারাবানির উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চি। একই উচ্চতা প্রোটিয়া পেসার মার্কো জ্যানসেনেরও। এই দুই ক্রিকেটারকেইবাইশ গজের দুনিয়ার সবচেয়ে লম্বা বর্তমান খেলোয়াড় হিসাবে বিবেচনা করা হয়। মুজারাবানির গতি এবং উচ্চতা প্রতিপক্ষ ব্যাটারদের জন্য চ্যালেঞ্জিং প্রমাণিত হতে পারে বলে মনে করছে বেঙ্গালুরু ম্যানেজমেন্ট।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালের কথা মাথায় রেখে, দক্ষিণ আফ্রিকা ২৬ মে পর্যন্ত আইপিএল থেকে তাদের সমস্ত খেলোয়াড়কে ডেকে নিয়েছে। তবে, এনগিডি ২৩ মে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আরসিবির হয়ে তাঁর শেষ ম্যাচ খেলবেন। এর পরে, মুজারাবানি প্লে অফে দলের জন্য উপলব্ধ থাকবেন বলে জানা গিয়েছে।
পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে বারবার সমস্যায় ফেলেছেন এমন বোলারদের মধ্যে মুজারাবানিকে অগ্রগণ্য মনে করা হয়। এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে মুজারাবানি ৫ বার বাবরকে আউট করেছেন। তাঁর বিপক্ষে বাবর ১০৫ বলে ১০৬ রান করেছেন ২১.২০ গড়ে।