পরপর দুই ইনিংসে সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন ঋষভ পন্থ। বিশ্বের দ্বিতীয় উইকেটকিপার হিসাবে পরপর দুটো ইনিংসে ১০০ করার রেকর্ড পন্থের।

ফাইল ছবি
শেষ আপডেট: 23 June 2025 23:54
দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ১৩৭ রানের ইনিংস খেললেন কেএল রাহুলও (KL Rahul)। তবে বাকি ব্যাটারদের ব্যর্থতায় ভারতের ইনিংস শেষ হয়ে গেল ৩৬৪ রানে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতের মিডিল এবং লোয়ার ব্যাটিং লাইনআপ। তাই জোড়া শতরান সত্ত্বেও চতুর্থ দিন শেষে কখনওই বলা যাচ্ছে না অ্যাডভান্টেজ ভারত।
পরপর দুই ইনিংসে সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন ঋষভ পন্থ। বিশ্বের দ্বিতীয় উইকেটকিপার হিসাবে পরপর দুটো ইনিংসে ১০০ করার রেকর্ড পন্থের। এর আগে ১৯৯৫ সালে জিম্বাবোয়ের অ্যান্ডি ফ্লাওয়ার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। পন্থ প্রথম ভারতীয় ব্যাটার, যিনি ইংল্যান্ডে দুই ইনিংসে সেঞ্চুরি করলেন। মাত্র ১৩০ বলে সেঞ্চুরি হাঁকালেন পন্থ। পাশাপাশি সেঞ্চুরি করেন কেএল রাহুলও।
প্রথম ইনিংসেও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন পন্থ। কেরিয়ারের অষ্টম সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসেও ইংরেজদের শাসন করলেন ভারতের সহ-অধিনায়ক। তৃতীয় দিন রাহুল ৪৭ ও অধিনায়ক শুভমন গিল ৬ রানে অপরাজিত ছিলেন। গিল শুরুতেই মাত্র ৮ রানে আউট হয়ে যান। বড়ো রান পেলেন না সাই সুদর্শনও (৩০)।
২০২ বলে কেরিয়ারের নবম শতরান করেন রাহুল। ২৪৭ বলে ১৩৭ রান করে আউট হন তিনি। ১৪০ বলে ১১৮ রান করেন পন্থ। চা বিরতি পর্যন্ত ৪ উইকেটে ২৯৮ রান ছিল ভারতীয় দলের। এরপরই ধস নামে ইনিংসে। ৩৩৩/৪ থেকে ৩৬৪ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। অর্থাৎ ইংল্যান্ডের সামনে লক্ষ্য ৩৭১। আর ভারতের প্রয়োজন ১০ উইকেট।
চতুর্থ দিনের শেষে বিনা উইকেটে ২১ রান তুলেছেন ইংরেজরা। মঙ্গলবার শেষ দিন জয়ের জন্য ৩৫০ রান প্রয়োজন তাদের। ম্যাচের যা পরিস্থিতি, তাতে বৃষ্টি বাধা হয়ে না দাঁড়ালে ফয়সালা হচ্ছেই। তবে ভারতের বোলিং আক্রমণের সামনে ইংল্যান্ডের যে পাল্লভারী, তা বলাই যায়। এখন ১৪০ কোটি দেশবাসীর একমাত্র আশা ভরসা জসপ্রিত বুমরাহ।