মান্ধানা তিন ফরম্যাটেই সেঞ্চুরি করা প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে তিনি ১০৬ রান করেছিলেন। পাশাপাশি ২০২১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে তিনি করেছিলেন ১২৭ রান। এবার তিনি টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করলেন।

স্মৃতি মান্ধানা
শেষ আপডেট: 29 June 2025 13:49
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড সফরে গিয়েই ব্যর্থতার সম্মুখীন ভারতীয় পুরুষ দল। প্রথম টেস্টেই তারা ইংল্যান্ডের কাছে হেরেছে পাঁচ উইকেটে। শুভমান ব্রিগেডের সেই লজ্জা শনিবার অবশ্য ঢেকে দিয়েছে ভারতের মহিলা দল। রীতিমতো ছেলেখেলা করে তারা ইংল্যান্ডকে (England Women vs India Women T-20 Match) হারিয়েছে ৯৭ রানে। বলতে গেলে এই ম্যাচে ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) একার হাতেই ইংল্যান্ড নিধন করেছেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলে ভারতীয় মহিলা দলের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা বেশ কয়েকটি রেকর্ড (Record) গড়েছেন। মান্ধানা ৬২ বলে ১৫টি চার এবং তিনটি ছক্কার সাহায্যে ১১২ রান করেন। তাঁর সেই ইনিংসে ভর করে ভারতীয় মহিলা দল ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২১০ রান করে। জবাবে, ইংল্যান্ড ১৪.৫ ওভারে ১১৩ রানে অলআউট হয়ে যায় এবং ৯৭ রানে পরাজিত হয়।
নটিংহ্যামে অনুষ্ঠিত এই ম্যাচে ছিলেন না নিয়মিত অধিনায়ক হরমনপ্রীত কৌর। অনুশীলন ম্যাচে মাথায় আঘাতের কারণে সতর্কতা হিসাবে হরমনপ্রীত এই ম্যাচে খেলননি। যার কারণে মান্ধনার হাতে তুলে দেওয়া হয় ক্যাপ্টেনের আর্মব্যান্ড।
তিন ফরম্যাটেই সেঞ্চুরি করা পঞ্চম মহিলা ব্যাটার মান্ধানা
মান্ধানা তিন ফরম্যাটেই সেঞ্চুরি করা প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে তিনি ১০৬ রান করেছিলেন। পাশাপাশি ২০২১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে তিনি করেছিলেন ১২৭ রান। এবার তিনি টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করলেন। মান্ধানা হলেন মহিলা ক্রিকেটের পঞ্চম ব্যাটার যিনি তিন ফরম্যাটেই সেঞ্চুরি করেছেন। মান্ধানার আগে, বেথ মুনি, লরা ওলভার্ড, হিদার নাইট এবং ট্যামি বিউমন্ট এই কৃতিত্ব দেখিয়েছেন।
রোহিত-বিরাটের ক্লাবে যোগ দিলেন মান্ধানা
ইংল্যান্ডের বিরুদ্ধে গতকাল শতক হাঁকিয়ে রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো পুরুষ ভারতীয় ক্রিকেটারদের ক্লাবে যোগ দিয়েছেন মান্ধানা। এখন পর্যন্ত পুরুষ এবং মহিলা ক্রিকেট মিলিয়ে তিন ফরম্যাটেই সেঞ্চুরি করেছেন মাত্র ছয়জন ভারতীয় ব্যাটার। এবার সেই তালিকায় যুক্ত হল মান্ধানার নামও। এই তালিকায় রয়েছেন- সুরেশ রায়না, কোহলি, রোহিত, কেএল রাহুল এবং শুভমান গিল।
মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি করা দ্বিতীয় ভারতীয় মান্ধানা
ইংল্যান্ডের বিরুদ্ধে ৫১ বলে শতক হাঁকিয়ে হরমনপ্রীত কৌরের পর টি-টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি করা দ্বিতীয় ভারতীয় মহিলা খেলোয়াড় হলেন মান্ধানা।
শেফালি-মান্ধানা জুটির নতুন রেকর্ড
গতকালের ম্যাচে শেফালি ভার্মা-স্মৃতি মান্ধানা জুটি একটি রেকর্ড গড়েছে। মান্ধানা এবং শেফালি প্রথম উইকেটে যোগ করেন ৭৭ রান। এটি ছিল ২১তম বার, যখন এই দুই জনের ওপেনিং জুটি ৫০+ রানের পার্টনারশিপ করেছে। এই দু’জন ছাড়া, এতবার কোনও জুটি ৫০+ রানের ওপেনিং পার্টনারশিপ করতে পারেনি। এই ক্ষেত্রে শেফালি এবং মান্ধানা অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি এবং বেথ মুনিকে পিছনে ফেলেছেন, যাঁরা ২০ বার ৫০+ রানের পার্টনারশিপ করেছেন।