এই টুর্নামেন্টে প্রতিযোগিতার অভাব রয়েছে এবং এটি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর জন্য উপযুক্ত প্রস্তুতি হতে পারে না।

রবিচন্দ্রন অশ্বিন
শেষ আপডেট: 10 September 2025 12:56
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার থেকে শুরু হয়েছে এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025)। প্রথম ম্যাচে আফগানিস্তান ৯৪ রানের বড় জয় পেয়েছে হংকংয়ের বিরুদ্ধে। আজ ভারত অভিযান শুরু করবে। টিম ইন্ডিয়ার প্রথম প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। এদিকে, এশিয়া কাপের শুরুতেই প্রতিযোগিতার মান নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন ভারতের প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)।
সম্প্রতি অশ্বিন নিজের উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এই টুর্নামেন্টে প্রতিযোগিতার অভাব রয়েছে এবং এটি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর জন্য উপযুক্ত প্রস্তুতি হতে পারে না। ৩৮ বছর বয়সি এই তারকা ভারত এবং বাকি অংশগ্রহণকারীদের মধ্যে তুলনা টেনে বলেছেন, দলগুলির মধ্যে রীতিমতো প্রতিযোগিতার অভাব রয়েছে (Lack of Competition)।
প্রথম ম্যাচে জিতেছে আফগানিস্তান। রশিদ খানের দলের ব্যাট এবং বলের দাপট দেখে মুগ্ধ হলেও, অশ্বিন জোরের সঙ্গে বলেছেন, আফগানদের বোলিং পাওয়ার বড় প্রতিযোগিতায় ভারতকে কখনওই সমস্যায় ফেলবে না। এই টুর্নামেন্টে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহি, নেপাল এবং হংকং-সহ আটটি দল রয়েছে। তবে, ভারতের সাফল্যের ধারেকাছে নেই বাকি দলগুলি। ভারত ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর থেকে তাদের শেষ ২০ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের ১৭টিতে জিতেছে এবং ফেভারিট হিসাবেই এবারের এশিয়া কাপে অংশ নিয়েছে।
অশ্বিন তাঁর ইউটিউব চ্যানেলে দলগুলির মধ্যে সমতার অভাব নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তিনি পরামর্শ দিয়েছেন, টুর্নামেন্টকে আরও অর্থবহ করে তুলতে ভারতের জুনিয়র স্কোয়াড বা ভারত এ দল অথবা দক্ষিণ আফ্রিকার মতো দলকেও অন্তর্ভুক্ত করা উচিত।
অশ্বিন বলেছেন, “আয়োজকরা দক্ষিণ আফ্রিকাকে অন্তর্ভুক্ত করতে পারে এবং টুর্নামেন্টটিকে প্রতিযোগিতামূলক করে তুলতে এটিকে আফ্রো-এশিয়া কাপ করতে পারে। এখন যেমন চলছে, তাতে ভারতের উচিত এ দল পাঠানো, যাতে বাকি দেশগুলি কিছুটা হলেও চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। আমরা বাংলাদেশ সম্পর্কেও কথা বলিনি। কারণ তাদের নিয়ে কথা বলার মতো কিছুই নেই। এই দলগুলি কীভাবে ভারতের বিরুদ্ধে প্রতিযোগিতা করবে?”
অশ্বিনের মতে, এশিয়া কাপ ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে কাজ করতে পারে, যা ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে। তিনি বলেন, "এটি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য কোনও পর্দা ওঠানোর ঘটনা নয়, এটি কেবল একটি প্রতিযোগিতা। এই টুর্নামেন্টটি বিশ্বকাপের জন্য কোনও বড় মাপকাঠি নয়। আফগানিস্তানের বোলাররা ভাল পারফর্ম করলেও যদি ভারত ভালো ব্যাট করে এবং ১৭০+ রান করে, তাহলে আফগানিস্তান কি সেই রান তাড়া করে জিততে পারবে? এটা প্রায় অসম্ভব। ভারতকে হারানোর একমাত্র উপায় হল কোনওভাবে ১৫৫ রানে সীমাবদ্ধ রাখা এবং তারপর তা তাড়া করা। সাধারণত, টি-টোয়েন্টি ক্রিকেট রোমাঞ্চকর হয়, তবে ভারত সম্ভবত এই এশিয়া কাপেও একতরফা ভাবেই জিতবে।"