খেলা না-হওয়ায় আয়োজকরা দুই দলকে পয়েন্ট ভাগ করে দেওয়ার কথা ভাবলেও, তা মানতে নারাজ পাকিস্তান চ্যাম্পিয়নস। দাবি, ম্যাচে থেকে স্বেচ্ছায় সরে গিয়েছে ভারত (India Champions)। তাতে পাকিস্তানের কোনও হাত নেই। অতএব পুরো দুই পয়েন্টই তাদের পাওয়া উচিত।

ভারত বনাম পাকিস্তান
শেষ আপডেট: 22 July 2025 11:30
দ্য ওয়াল ব্যুরো: আমরা নই, পিছিয়েছে ভারত। সেই কারণে ম্যাচ বাতিল হয়েছে। তাহলে পয়েন্ট ভাগাভাগি কেন? পুরো পয়েন্টই চাই! এই মর্মে আয়োজক সংস্থার উপর চাপ বাড়িয়ে আওয়াজ তুলল পাকিস্তান শিবির (Pakistan Champions)। সব মিলিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (WCL 2025) টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচ (India vs Pakistan) বাতিল হয়ে যাওয়ার পর এবার নতুন বিতর্কে জড়াল দু’দল।
খেলা না-হওয়ায় আয়োজকরা দুই দলকে পয়েন্ট ভাগ করে দেওয়ার কথা ভাবলেও, তা মানতে নারাজ পাকিস্তান চ্যাম্পিয়নস। দাবি, ম্যাচে থেকে স্বেচ্ছায় সরে গিয়েছে ভারত (India Champions)। তাতে পাকিস্তানের কোনও হাত নেই। অতএব পুরো দুই পয়েন্টই তাদের পাওয়া উচিত।
গত রবিবার বার্মিংহামে পাকিস্তান ম্যাচের মাধ্যমে ভারতের অভিযান শুরুর কথা থাকলেও সেই বহুপ্রত্যাশিত দ্বৈরথ মাঠে গড়ায়নি। ভারতীয় দলের একাধিক ক্রিকেটার যুবরাজ সিং (অধিনায়ক), শিখর ধাওয়ান, সুরেশ রায়না, হরভজন সিং, ইরফান পাঠান, ইউসুফ পাঠান খেলায় অংশ না-নেওয়ার সিদ্ধান্ত নেন। এর জেরে আয়োজক সংস্থা ম্যাচ বাতিল করতে বাধ্য হয়।
ডব্লুসিএলের তরফে পরে একটি বিবৃতি জারি করে দুঃখ প্রকাশ করে বলা হয়, ‘আমরা কোনওরকম অস্বস্তি তৈরি করতে চাইনি। অনিচ্ছাকৃতভাবে কোনও খেলোয়াড়ের অনুভূতিতে আঘাত লাগলে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী!’
প্রসঙ্গত, ভারতীয় দলের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে সাম্প্রতিক কাশ্মীর সংকট। ২২ এপ্রিল, পহেলগামে একটি জঙ্গি হামলায় ২৬ জন সাধারণ নাগরিক মারা যান। তার প্রতিক্রিয়ায় ভারত ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায়। দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ফাটল ধরে, শুরু হয় নয়া টানাপড়েন। তারই প্রেক্ষিতে ভারতীয় জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটারদের বড় অংশ পাকিস্তানের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নেন। যা পাকিস্তান চ্যাম্পিয়নস শিবির সহজভাবে নিতে পারেনি। এএনআইয়ের একটি রিপোর্ট অনুযায়ী, দুই পয়েন্ট ভাগাভাগি করার প্রস্তাবে পাকিস্তান দল গোড়া থেকেই আপত্তি জানায়। বক্তব্য, ম্যাচে নামতে তাঁরা প্রস্তুত ছিলেন, ভারত পিছু হটেছে। কাজেই দুই পয়েন্টই পাকিস্তানকে দেওয়া হোক।
চলতি বিতর্কে আয়োজকদের অবস্থান খুব স্পষ্ট, ‘ম্যাচ আয়োজন করতে না পারার বিষয়টি আমরা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ECB) জানিয়ে দিয়েছি। ভারত দোষী নয়। কিন্তু পাকিস্তান দল পয়েন্ট ভাগ করতে নারাজ। তাঁদের স্পষ্ট কথা—ভারত ম্যাচ খেলেনি, তার শাস্তি আমরা কেন পাব?’
এই নিয়ে গতকাল পাকিস্তান চ্যাম্পিয়নস-এর কর্ণধার কামিল খান বলেন, ‘আমরা দুই পয়েন্ট দাবি করছি। নিয়ম অনুযায়ী তা আমাদের প্রাপ্য। যদি ফাইনালে পৌঁছই, তখন সেই ম্যাচ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে!’
প্রসঙ্গত, গতবারের ফাইনালে রানার্স হয়েছিল পাকিস্তান চ্যাম্পিয়নস। এবারও তাদের শুরুয়াত মন্দ হয়নি। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে পাঁচ রানে হারিয়েছে। আগামী শুক্রবার সামনে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে ভারতীয় দল মঙ্গলবার প্রোটিয়াদের বিরুদ্ধেই তাদের অভিযান শুরু করবে।