সূর্যর দাবি সরাসরি জানানো হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে। এই অবস্থান কার্যত ভারতীয় শিবিরের পক্ষ থেকেও বয়কট–বার্তা বলেই মনে করছে ক্রিকেট মহল।

ফাইল চিত্র
শেষ আপডেট: 17 September 2025 13:50
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপে (Asia Cup 2025) হাত না মেলানো বিতর্কের পর এবার নাটক ঢুকে গেল ট্রফি উত্তোলনের মঞ্চে। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) স্পষ্ট জানিয়ে দিয়েছেন—ফাইনালে যদি ভারত জেতে, তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) চেয়ারম্যান তথা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) প্রধান মহসিন নকভি (Mohsin Naqvi) যেন ট্রফি দিতে পোডিয়ামে না আসেন।
এনডিটিভি সূত্রের খবর, সূর্যর দাবি সরাসরি জানানো হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে। এই অবস্থান কার্যত ভারতীয় শিবিরের পক্ষ থেকেও বয়কট–বার্তা বলেই মনে করছে ক্রিকেট মহল। খোলা গলায় প্রকাশ্যে না হলেও, আড়ালে শর্ত বেঁধে জানিয়ে দেওয়া হয়েছে—নকভি থাকলে ভারত মঞ্চে উঠবে না।
প্রসঙ্গত, পাকিস্তানের অভিযোগেই শুরু হয় হাত না মেলানো বিতর্ক। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট (Andy Pycroft) নাকি পাক অধিনায়ক সলমন আঘাকে সূর্যকুমারের সঙ্গে করমর্দন না করার উপদেশ—এই যুক্তি টেনে পিসিবি অভিযোগ দায়ের করে আইসিসির (ICC) কাছে। যার পরিপ্রেক্ষিতে বুধবারের পাকিস্তান–আমিরশাহি ম্যাচে রিচি রিচার্ডসনকে (Ritchie Richardson) দায়িত্বে আনার সিদ্ধান্ত নেওয়া হলেও পাইক্রফটের ভবিষ্যৎ নিয়ে এখনও চূড়ান্ত ঘোষণা হয়নি।
অন্যদিকে, এশিয়া কাপে পাকিস্তান খেলবে কি না—তা নিয়েও ধোঁয়াশা। নকভি জানিয়েছেন, ‘নো হ্যান্ডশেক’সিদ্ধান্ত আগেভাগে ঠিক থাকলে সমস্যা ছিল না। কিন্তু হঠাৎ করে মাঠে এমন সিদ্ধান্ত নেওয়ায় তিনি ক্ষুব্ধ। তাই বোর্ডের অবস্থান স্পষ্ট করতে চাইছেন।
সব মিলিয়ে পরিস্থিতি প্রতি ঘণ্টায় আরও ঘোলাটে হয়ে উঠছে। একদিকে পাকিস্তানের অভিযোগ, হুমকি। অন্যদিকে ভারতও ট্রফি মঞ্চ নিয়ে লক্ষণরেখা টেনে দিল। ক্রীড়া–কূটনীতির দড়ি টানাটানি যত চওড়া হচ্ছে, তত মাঠের ক্রিকেটকে ছাপিয়ে শিরোনামে বাইশ গজের বাইরের নাটক!