২০২৬ সালের বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হবে মঙ্গলবার, ২৫ নভেম্বর। এক বছরের অপেক্ষার পর ফের ভারত–পাকিস্তান মহারণ দেখার প্রস্তুতি নিচ্ছে ক্রিকেটদুনিয়া।

ভারত বনাম পাকিস্তান
শেষ আপডেট: 25 November 2025 11:18
দ্য ওয়াল ব্যুরো: ফের জমবে ভারত–পাকিস্তান (India vs Pakistan) লড়াই। সেই ক্রিকেটের ময়দানে। ২০২৬ সালের ছেলেদের টি–২০ বিশ্বকাপে গ্রুপ পর্বেই মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ম্যাচ ১৫ ফেব্রুয়ারি, কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium, Colombo)। দুই দেশের শেষ সাক্ষাৎ হয়েছিল চলতি বছর, এশিয়া কাপে—তিনবার লড়েছিল দুই পক্ষ। তারপর প্রথম বার দুই দলের সাক্ষাৎ হতে চলেছে বিশ্বকাপের মঞ্চে।
ইএসপিএন ক্রিকইনফোর (ESPN Cricinfo) রিপোর্ট মতে, ভারত ও পাকিস্তান থাকবে একই গ্রুপে—সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র (USA), নেদারল্যান্ডস (Netherlands) এবং নামিবিয়া (Namibia)। টিম ইন্ডিয়া টুর্নামেন্ট শুরু করবে ৭ ফেব্রুয়ারি, মুম্বইয়ে (Mumbai) যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। ১২ ফেব্রুয়ারি দিল্লিতে নামিবিয়ার মুখোমুখি। আর ১৫ তারিখ পাকিস্তান। ১৮ ফেব্রুয়ারি আমদাবাদে (Ahmedabad) নেদারল্যান্ডসের বিরুদ্ধে শেষ গ্রুপ ম্যাচ খেলবেন শুভমানরা। পাকিস্তানের সমস্ত লড়াই কলম্বো ও ক্যান্ডিতে (Kandy)।
টুর্নামেন্ট চলবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। যুগ্ম আয়োজক ভারত ও শ্রীলঙ্কা (Sri Lanka)। ২০২৪ সালের মতোই ২০ দলের ফরম্যাট—চারটি গ্রুপে পাঁচ দল করে। প্রতিটি গ্রুপের প্রথম দুটো টিম যাবে সুপার এইটে (Super Eight)। সেখানেও দুটি গ্রুপ তৈরি হবে—চার দল করে। প্রতিটি সুপার এইট গ্রুপ থেকে দুই দল সেমিফাইনালে উঠবে, সবশেষে ফাইনাল।
সূচি অনুযায়ী, ভারত সুপার এইটে উঠলে তাদের ম্যাচ বসবে আমদাবাদ, চেন্নাই (Chennai) ও কলকাতায় (Kolkata)। ভারত সেমিফাইনালে উঠলে লড়াই মুম্বইয়ে। দ্বিতীয় সেমিফাইনালের ভেন্যু নির্ভর করবে পাকিস্তান বা শ্রীলঙ্কার যোগ্যতার উপর—কলম্বো বা কলকাতাকে বেছে নেওয়া হতে পারে। ফাইনাল নির্ধারিত আমদাবাদে। তবে পাকিস্তান উঠলে ম্যাচ সরিয়ে নেওয়া হবে কলম্বোতে—টুর্নামেন্টের কাঠামোয় এটাই উল্লিখিত!
বিশ্বকাপে অংশ নেবে মোট ২০ দল—যাদের মধ্যে রয়েছে আফগানিস্তান (Afghanistan), অস্ট্রেলিয়া (Australia), বাংলাদেশ (Bangladesh), ইংল্যান্ড (England), দক্ষিণ আফ্রিকা (South Africa), ওয়েস্ট ইন্ডিজ (West Indies), নিউজিল্যান্ড (New Zealand), আয়ারল্যান্ড (Ireland), কানাডা (Canada), ইতালি (Italy), জিম্বাবোয়ে (Zimbabwe), নেপাল (Nepal), ওমান (Oman) এবং সংযুক্ত আরব আমিরশাহি (UAE)। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামছে ভারত (India)। ২০২৪ সংস্করণে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল রোহিত শর্মার দল। ফলে প্রত্যাশার মাত্রা এবার আরও অনেক উপরে।
২০২৬ সালের বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হবে মঙ্গলবার, ২৫ নভেম্বর। এক বছরের অপেক্ষার পর ফের ভারত–পাকিস্তান মহারণ দেখার প্রস্তুতি নিচ্ছে ক্রিকেটদুনিয়া।