1.jpg)
মহিলাদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে জয় ভারতের
শেষ আপডেট: 23 December 2024 12:10
দ্য ওয়াল ব্যুরো : ক্রিকেট ময়দানে ভারত এবং বাংলাদেশের দ্বৈরথ সম্পর্কে আর আলাদা করে কিছু বলার নেই। আর গত কয়েক বছরে এই দ্বৈরথের ঝাঁঝ অনেকটাই বেড়ে গিয়েছে। সম্প্রতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতের মহিলা ক্রিকেট দল। ফাইনাল ম্যাচে টিম ইন্ডিয়া ৪১ রানে জয়লাভ করেছে।
একে তো শিরোপা জয়ের আনন্দ রয়েইছে, অন্যদিকে টিম ইন্ডিয়া যে বাংলাদেশের বিরুদ্ধে আক্ষরিক অর্থে বদলা নিতে পেরেছে, সেই কারণে ভারতীয় ক্রিকেট সমর্থকরা আপাতত উল্লসিত। কীসের বদলা? সম্প্রতি, ভারতের পুরুষ ক্রিকেট দল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেইসময় ভারত ৫৯ রানে হেরে যায়। এরপর বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা কার্যত নৃশংস উল্লাস করেছিল। সেইসময় টিম ইন্ডিয়ার কাছে হয়ত পালটা জবাব দেওয়ার কোনও ভাষা ছিল না। কিন্তু, ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেটাররা এবার সুদে-আসলে যাবতীয় প্রতিশোধ গ্রহণ করল।
প্রসঙ্গত, মহিলাদের অনূর্ধ্ব-১৯ মহিলা এশিয়া কাপের ফাইনাল ম্যাচ কুয়ালালামপুরে আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমে ১১৭ রান করে। জবাবে বাংলাদেশ মাত্র ৭৬ রানেই অলআউট হয়ে যায়। আর সেইসঙ্গে টিম ইন্ডিয়ার হাতে ওঠে ট্রফি।
যদিও ভারত এই ম্যাচে টস হেরে গিয়েছিল। বাংলাদেশ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ভারত সাত উইকেটে ১১৭ রান করতে পারে। টিম ইন্ডিয়ার হয়ে গোঙ্গাডি ত্রিশা ছাড়া আর কেউ বড় রান করতে পারেননি। তিনি ৪৭ বলে ৫২ রান করেন। তাঁর এই ইনিংসে ৫ চার এবং ২ ছক্কা ছিল। এছাড়া ভারতের হয়ে মিথিলা বিনোদ ১২ বলে ১৭ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন।