এই ডামাডোলের আড়ালে যদিও বোলারের খামতি লক্ষ্য করেছেন বেঙ্গসরকর। সোজাসাপটা জানিয়েছেন, দেশের হয়ে খেলতে হলে পুরো সিরিজ খেলতেই হবে, এক্ষেত্রে ‘ব্যক্তিগত চাহিদা’ মানার কোনও জায়গা নেই।

বুমরাহ ও বেঙ্গসরকর
শেষ আপডেট: 17 July 2025 18:31
দ্য ওয়াল ব্যুরো: হয় খেল, নয়তো খেলো না। আর খেলতে হলে পুরো সিরিজে নামতে হবে।
জসপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) দলে থাকা-না থাকা নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকার (Dilip Vengsarkar)। আর কাঠগড়ায় তুললেন খোদ বোলারকে। জানালেন, কোনও ক্রিকেটারের দলে জায়গা পাওয়া এবং বাদ পড়া তাঁর ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উপর নির্ভর করতে পারে না।
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে ইতিমধ্যে পিছিয়ে পড়েছে টিম ইন্ডিয়া (Team India)। লিডসে (Leeds Test) পরাজয় দিয়ে শুরু। তারপর এজবাস্টনে (Edgbaston Test) ঐতিহাসিক জয়। ফের লর্ডসে হারের মুখ দেখতে হয়। প্রথম টেস্টে বুমরাহ নেমেছিলেন। দু’নম্বর ম্যাচে নিজেকে গুটিয়ে নেন। তৃতীয় টেস্টে মাঠে নামলেও দল পরাস্ত হয়।
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, ওল্ড ট্র্যাফোর্ডে কি ময়দানে দেখা যাবে দলের এক নম্বর পেসারকে? বর্ডার-গাভাসকার ট্রফিতে চোট পান বুমরাহ। তারপর দীর্ঘদিন মাঠের বাইরে। আইপিএলে প্রত্যাবর্তন। সেই সুবাদে ইংল্যান্ড সিরিজে দলে রয়েছেন। কিন্তু দল ঘোষণার সময় প্রধান নির্বাচক অজিত আগরকর দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেন, সফরের পাঁচটি ম্যাচের মধ্যে সর্বাধিক তিনটিতে দলের জার্সিতে দেখা যাবে বুমরাহকে।
সেই বক্তব্য সত্যি হলে, বাকি দুই টেস্টের একটিতেই প্রথম একাদশে থাকতে চলেছেন। কিন্তু সেটা কোন ম্যাচ? চতুর্থ? নাকি পঞ্চম?
এই ডামাডোলের আড়ালে যদিও বোলারের খামতি লক্ষ্য করেছেন বেঙ্গসরকর। সোজাসাপটা জানিয়েছেন, দেশের হয়ে খেলতে হলে পুরো সিরিজ খেলতেই হবে, এক্ষেত্রে ‘ব্যক্তিগত চাহিদা’ মানার কোনও জায়গা নেই।
ভারতের প্রাক্তন ক্রিকেটারের বক্তব্য, ‘বোলাররা টেস্ট ম্যাচ বেছে খেলবেন, এটা আমি মোটেও সমর্থন করি না। ফিট থাকলে, দলের সঙ্গে থাকলে—সব ম্যাচ খেলতেই হবে। বুমরাহ বিশ্বমানের বোলার। ও ম্যাচ জেতাতে পারে। কিন্তু একবার ট্যুরে গেলে, সব ম্যাচ খেলা জরুরি। পছন্দমতো খেলা-না-খেলার প্রশ্নই ওঠে না!’
২০২৪-২৫ সালে অস্ট্রেলিয়ায় পাঁচটি টেস্টে একটানা খেলতে গিয়ে চোট পান বুমরাহ। তারপর তিন মাস মাঠের বাইরে। তাই এবার ইংল্যান্ড সফরে তাঁর ম্যাচের মাঝে ‘বিরতি’ দেওয়া হচ্ছে—এমনটাই দাবি টিম ম্যানেজমেন্টের।
তবে এই যুক্তি মানতে নারাজ বেঙ্গসরকর। তাঁর স্পষ্ট কথা, ‘ভারতের হয়ে খেলাটাই মুখ্য। ফিট না থাকলে খেলবেন না, কিন্তু ফিট থেকেও খেলবেন না—এটা ঠিক নয়। প্রথম টেস্টের পর সাত-আট দিনের বিরতি ছিল, তবু দ্বিতীয় টেস্টে নামেনি। এটা মানা যায় না। হয়তো আগরকর, গম্ভীরের সমস্যা নেই। কিন্তু আমার মতে একদমই নয়!’