তিন ফরম্যাটেই ভারতীয়দের র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য ওঠানামা হয়েছে। তবে নজরটা এখন কোহলির দিকে। সত্যিই কি রোহিতকে টপকে আবার ওয়ানডের রাজসিংহাসনে ফিরতে পারবেন?
_0.jpeg.webp)
বিরাট ও রোহিত
শেষ আপডেট: 10 December 2025 16:31
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে রেকর্ড ভাঙলেন। যার পুরস্কার মিলল র্যাঙ্কিংয়েও। আইসিসি বুধবার যে তালিকা প্রকাশ করেছে, তাতে বিরাট কোহলি (Virat Kohli) উঠে এলেন ওয়ানডে ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে। শীর্ষে এখনও রোহিত শর্মা (Rohit Sharma)। দুই ভারতীয়ের ব্যবধান এখন মাত্র আট রেটিং পয়েন্ট।
কোহলি শেষবার পয়লা নম্বরে ছিলেন ২০২১ সালের এপ্রিল মাসে। তারপর এগিয়ে যান বাবর আজম। প্রায় চার বছর পর আবার সেই শীর্ষে ফেরার দোরগোড়ায় দাঁড়িয়ে বিরাট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচে ৩০২ রান করে সিরিজ-সেরাও হন তিনি। বিশাখাপত্তনমে ৬৫* ইনিংস র্যাঙ্কিংয়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে রোহিত সিরিজে ১৪৬ রান তুলে শীর্ষস্থান ধরে রেখেছেন। শুভমান গিল (Shubman Gill) না খেললেও পঞ্চম স্থানে অপরিবর্তিত। স্ট্যান্ড-ইন অধিনায়ক কেএল রাহুল (KL Rahul) দুই ধাপ উঠে ১২ নম্বরে।
বোলারদের তালিকায় কুলদীপ যাদব (Kuldeep Yadav) তিন সিঁড়ি উঠে ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে এখন তৃতীয়। দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মধ্যে কুইন্টন ডি কক (Quinton de Kock), এডেন মার্করাম (Aiden Markram) এবং টেম্বা বাভুমার (Temba Bavuma) উন্নতি দেখা গিয়েছে।
টি-২০ র্যাঙ্কিংয়েও ভারতের জয়জয়কার। অক্ষর পটেল (Axar Patel) দুই ধাপ উঠে ১৩-তে, অর্শদীপ সিং (Arshdeep Singh) তিন ধাপ উঠে ২০-এ এবং জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ছয় ধাপ উঠে ২৫-এ। কটকে ভারতের ১০১ রানের জয়ের পর এই আপডেট এসেছে।
টেস্ট র্যাঙ্কিংয়ে টিম ইন্ডিয়ার সেরা ব্যাটার আপাতত যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), রয়েছেন অষ্টম স্থানে। গিল ও ঋষভ পন্থ এক ধাপ করে উঠে ১১ এবং ১৩-তে। টেস্ট বোলারদের তালিকায় বুমরাহ শীর্ষে। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক (Mitchell Starc) টানা দু’টি ম্যাচে সেরা খেলোয়াড় হওয়ার সুবাদে তিন ধাপ উঠে এখন তৃতীয়। সিরাজ, জাদেজা ও কুলদীপ—এই তিন জনই এক ধাপ করে উঠে টেস্ট বোলিং তালিকায় যথাক্রমে ১২, ১৩ ও ১৪-তে।
সব মিলিয়ে, তিন ফরম্যাটেই ভারতীয়দের র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য ওঠানামা হয়েছে। তবে নজরটা এখন কোহলির দিকে। সত্যিই কি রোহিতকে টপকে আবার ওয়ানডের রাজসিংহাসনে ফিরতে পারবেন? জবাব মিলবে পরের সিরিজে।