রোহিতের ব্যর্থতা আলাদা করে নজরে এসেছে। আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ক্লার্কের ক্রস-সিম ডেলিভারিতে মিড-অফের উপর দিয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন তিনি। ৩৮ বলে ২৪ রানের ইনিংস র্যাঙ্কিং ধসের সঙ্গে যেন অদ্ভুতভাবে মিলে গেল!

বিরাট কোহলি
শেষ আপডেট: 14 January 2026 15:02
দ্য ওয়াল ব্যুরো: চার বছর পরে আবার শীর্ষে। একদিনের ক্রিকেটে ব্যাটিং র্যাঙ্কিংয়ের মুকুট ফের মাথায় তুলে নিলেন বিরাট কোহলি (Virat Kohli)। আইসিসি (ICC) পুরুষদের ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এলেন ভারতের এই তারকা ব্যাটার, পিছনে ফেলে দিলেন সতীর্থ রোহিত শর্মাকে (Rohit Sharma)। একই দিনে মাঠে ব্যর্থতা, আর র্যাঙ্কিংয়ে এক ধাপ নয়—দু’ধাপ পিছিয়ে তিনে নামলেন রোহিত।
চার বছর পর শীর্ষে ফেরা
২০২১ সালের জুলাইয়ের পর এই প্রথম আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক নম্বর বিরাট (Virat Kohli)। নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে বরোদায় (Vadodara) ৯১ বলে ৯৩ রানের ম্যাচজয়ী ইনিংসই উত্থানের সবচেয়ে বড় কারণ। সেই পারফরম্যান্সের সুবাদে রোহিতকে টপকে শীর্ষে উঠে আসেন তিনি।
এটা বিরাটের কেরিয়ারে ১১ নম্বর বার ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষদখল। অক্টোবর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার পর থেকে একদিনের ক্রিকেটে ধারাবাহিকতা চোখে পড়ার মতো। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজে তাঁর ব্যাট থেকে এসেছে ১৩৫, ১০২ এবং অপরাজিত ৬৫। তার আগে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে সিডনিতে (Sydney) তৃতীয় ম্যাচে করেন অনবদ্য ৭৪*।
সংখ্যায় আধিপত্য
শেষ পাঁচটি ওয়ানডে ইনিংসে টানা পঞ্চাশের বেশি রান করেছেন বিরাট। এই সময়ের মধ্যে পাঁচ ম্যাচে তাঁর সংগ্রহ ৪৬৯ রান—দুটি শতরান ও তিনটি অর্ধশতরান-সহ। দুরন্ত ফর্মের সুবাদে রেটিং আপাতত ৭৮৫।
যে কারণে রোহিত শর্মাকে (Rohit Sharma) নেমে যেতে হয়েছে তিন নম্বরে, তাঁর রেটিং ৭৭৫। বিরাট প্রথমবার এক নম্বরে উঠেছিলেন ২০১৩ সালের অক্টোবরে। এখনও পর্যন্ত মোট ৮২৫ দিন তিনি ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে কাটিয়েছেন—যা ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক। সর্বকালীন তালিকায় এখন দশ নম্বরে, পয়লা নম্বরে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) কিংবদন্তি ভিভ রিচার্ডস (Vivian Richards), যিনি ২,৩০৬ দিন শীর্ষে ছিলেন।
ভারতীয়দের র্যাঙ্কিংয়ে নড়াচড়া
ভারতের (India) আর এক ব্যাটার কেএল রাহুল (KL Rahul) এক ধাপ এগিয়ে উঠে এসেছেন ১১ নম্বরে। বোলিং বিভাগে উন্নতি করেছেন মহম্মদ সিরাজ (Mohammad Siraj)—পাঁচ ধাপ লাফিয়ে এখন তিনি ১৫ নম্বরে।
রোহিতের পতন, মিচেলের উত্থান
র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল (Daryl Mitchell)। প্রথম ওয়ানডেতে ৮৪ রানের ইনিংস খেলার পর তাঁর রেটিং দাঁড়িয়েছে ৭৮৪—বিরাটের থেকে মাত্র এক পয়েন্ট কম। ফলে শীর্ষস্থানের লড়াই আরও জমে উঠেছে। এই মুহূর্তে এক থেকে তিন নম্বরের মধ্যে পার্থক্য মাত্র ১০ রেটিং পয়েন্ট।
এই আবহে মাঠে রোহিতের ব্যর্থতা আলাদা করে নজরে এসেছে। আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ক্লার্কের (Clarke) ক্রস-সিম ডেলিভারিতে মিড-অফের উপর দিয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন তিনি। ৩৮ বলে ২৪ রানের ইনিংস র্যাঙ্কিং ধসের সঙ্গে যেন অদ্ভুতভাবে মিলে গেল!