প্রোটিয়ারা ১৯ বল বাকি থাকতে ৯ উইকেটে জিতে নেয় ম্যাচ। অধিনায়ক ডি ভিলিয়ার্স খেলেন অবিশ্বাস্য ইনিংস—৬০ বলে অপরাজিত ১২০। গোটা টুর্নামেন্টেই ব্যাট হাতে আগুনে ফর্মে, ফাইনালেও সেই ধারা বজায় রাখলেন।
.jpeg.webp)
সুরেশ রাইনা
শেষ আপডেট: 3 August 2025 16:00
দ্য ওয়াল ব্যুরো: নেহাত দেশের কথা মাথায় রেখে সেমিফাইনালে নামিনি, তাই। নামলে আমরাই দক্ষিণ আফ্রিকার স্টাইলে ওদের দুমড়ে দিতাম।
মোটামুটি এই ভাষাতেই লেজেন্ডদের বিশ্বকাপ ফাইনালে (WCL Final) প্রোটিয়াদের হাতে দুরমুশ পাকিস্তান চ্যাম্পিয়নসের (Pakistan Champions) কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন সুরেশ রায়না (Suresh Raina)।
বার্মিংহামে শনিবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের চূড়ান্ত যুদ্ধে পাকিস্তানকে (Pakistan Champions) উড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস (South Africa Champions)। প্রথমে ব্যাট করে পাক ব্রিগেড নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৫ রান তোলে। ওপেনার শরজিল খানের ব্যাট থেকে আসে ৪৪ বলে ৭৬ রান। কিন্তু সেই লড়াই এবি ডি ভিলিয়ার্সের ব্যাটিং ঝড়ে খরকুটোর মতো উড়ে যায়।
প্রোটিয়ারা ১৯ বল বাকি থাকতে ৯ উইকেটে জিতে নেয় ম্যাচ। অধিনায়ক ডি ভিলিয়ার্স খেলেন অবিশ্বাস্য ইনিংস—৬০ বলে অপরাজিত ১২০। গোটা টুর্নামেন্টেই ব্যাট হাতে আগুনে ফর্মে, ফাইনালেও সেই ধারা বজায় রাখলেন। আর তাতেই অনায়াসে দ্বিতীয় সিজনের সেরার শিরোপা গেল দক্ষিণ আফ্রিকার ঘরে।
ফাইনালের পরেই ভারতের প্রাক্তন ব্যাটার সুরেশ রায়না এক্স-হ্যান্ডেলে (আগে টুইটার) দক্ষিণ আফ্রিকাকে অভিনন্দন জানানোর পাশাপাশি পাকিস্তানকে খোঁচা মেরে লেখেন, ‘ফাইনালে ডি ভিলিয়ার্স দারুণ ব্যাট করল, পুরো উড়িয়ে দিল। আমরা খেললেও ওদের (পড়ুন পাকিস্তানকে) দুমড়ে দিতাম। কিন্তু দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েছি। সম্মান জানাই ইজমাইট্রিপ এবং নিশান্ত পিট্টিকে, যাঁরা পাকিস্তান খেলছে এমন কোনও ম্যাচে না জড়ানোর দৃঢ় সিদ্ধান্ত নিয়েছেন। এটাই আসল চরিত্র!’
What a knock by @ABdeVilliers17 in the final, absolutely smashed it
Had we played, we would’ve crushed them too, but we chose our nation above everything else.
Full respect to @EaseMyTrip and @nishantpitti for standing firm and not supporting any match involving them. That’s…— Suresh Raina🇮🇳 (@ImRaina) August 2, 2025
প্রসঙ্গত, গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) ঘোষণা করে যে কোনও টুর্নামেন্টে দেশের নাম বসানো যাবে না। আর এর ২৪ ঘণ্টা কাটতে না কাটতে বেসরকারি প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে’ (WCL) ভবিষ্যৎ অংশগ্রহণের উপর কার্যত পূর্ণবিরতি টানা হল। এক জরুরি বোর্ড অব গভর্নর্স বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী দিনে আর কোনও ডব্লুসিএল টুর্নামেন্ট নামবে না পাকিস্তান চ্যাম্পিয়নস (Pakistan Champions)।
এই ঘোষণার পটভূমি বেশ নাটকীয়। সদ্যসমাপ্ত প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে দু-দু’বার খেলতে অস্বীকার করে ভারত। যুবরাজ সিংয়ের নেতৃত্বাধীন টিম গ্রুপের পয়লা নম্বর ম্যাচটাই ছেড়ে দেয়। পরে সেমিফাইনালেও হুবহু একই কায়দায় বয়কট। শিখর ধাওয়ান প্রথমে মুখ খোলেন। জানান, পহেলগামে পাক জঙ্গিদের নাশকতা, সীমান্ত সংঘর্ষ ও ‘অপারেশন সিঁদুরে’র জেরেই তিনি পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবেন না। পরে হাত মেলান দলের বাকি সতীর্থ। সরে দাঁড়ায় টুর্নামেন্টের অন্যতম প্রধান স্পনসর ‘ইজমাইট্রিপ’।
এই নিয়ে মুখ খোলেন সলমন বাট থেকে শাহিদ আফ্রিদির মতো প্রাক্তন ক্রিকেটার। কেউ ধাওয়ানকে ব্যক্তিগতভাবে নিশানা করেন, কারও আক্রমণের লক্ষ্য ছিল বিসিসিআই। তারই পালটা পদক্ষেপ হিসেবে এবার পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের অনুমতি ছাড়া ভবিষ্যতে কেউ পাকিস্তানের নাম ব্যবহার করতে পারবে না। সেই সঙ্গে কড়া হুঁশিয়ারি: কোনও বেসরকারি সংস্থা পাকিস্তানের নাম ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বোর্ডের ভাষায়, ‘কেবল পিএসিবির-ই ক্রিকেট ইভেন্টে দেশের নাম ব্যবহারের অনুমতি দেওয়ার অধিকার রয়েছে। যদি আমরা মনে করি লিগ এবং সংস্থা যথাযথভাবে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য, তবেই অনুমতি দেওয়া হবে। নচেৎ নয়!’
পাক ক্রিকেট বোর্ডের অভিযোগ, ভারতীয় দলের পরপর বয়কট পাকিস্তানের ভাবমূর্তিকে আহত করেছে। পাশাপাশি লেজেন্ডদের বিশ্বকাপ আয়োজকদের আচরণ নিয়েও অসন্তোষ ঘনিয়েছে। পিসিবির দাবি, আয়োজকদের প্রেস বিজ্ঞপ্তির ভাষা ছিল পক্ষপাতদুষ্ট এবং ভণ্ডামিতে ভরা।