তিনি একা নন, গোটা পাকিস্তান যে ভারতের এই সিদ্ধান্ত ভুলবে না, মনে করিয়ে দিয়েছেন সলমন। আফ্রিদির সুরে সুর মিলিয়ে তিনি গোটা বিষয়ের আড়ালে দু’তিনজন সিনিয়র ক্রিকেটারের দিকে আঙুল তুলেছেন।

সলমন বাট
শেষ আপডেট: 21 July 2025 15:46
দ্য ওয়াল ব্যুরো: ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে (WCL) খেললে না—ভাল কথা। সামনে বিশ্বকাপ, অলিম্পিক্স… সেখানেও আমাদের এড়িয়ে যাওয়ার ধক আছে তো?
ঠারেঠোরে এই ভাষাতেই ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সলমন বাট (Salman Butt)। জানালেন, পাকিস্তানকে অগ্রাহ্য বা বয়কটের রাস্তা নিলে পড়শি মুলুক যেন জাতীয়তাবাদের অবস্থানে সবসময় অনড় থাকে।
প্রসঙ্গত, প্রথমে ‘না’ বলেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। তারপর সেই সুরেই সুর মেলান হরভজন (Harbhajan Singh) থেকে যুবরাজ সিং (Yuvraaj Singh)। যার জেরে বাতিল হয় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে (World Championship of Legends) ভারত-পাকিস্তান ম্যাচ (India vs Pakistan)। নেপথ্যে পহেলগামে (Pahelgam) পাকিস্তানি জঙ্গিদের নাশকতা (Pakistani Terrorist Attack) ও সীমান্ত সংঘর্ষ (Ceasefire)। কোনও রকম রাখঢাক না করেই ধাওয়ান জানিয়ে দেন, তিনি আগের অবস্থানে অনড়। এক্স-হ্যান্ডেলে লেখেন, ‘১১ মে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, আজও তাতে অটল। আমার দেশই আমার সব কিছু। দেশের থেকেও বড় কিছু হয় না। জয় হিন্দ!’
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনার চড়চড়ে পারদ। ময়দান যাই হোক না কেন, যারাই খেলুন না কেন, দুই দেশ যুযুধান মানেই হাড্ডাহাড্ডি লড়াই, মারকাটারি দ্বৈরথ। শুভমান বনাম বাবর আজম নয়, ২০ জুলাই (রবিবার) ইংল্যান্ডের বার্মিংহ্যামের এজবাস্টনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস-এ (WCL) ভারত-পাক ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু শিখর ধাওয়ান-সহ একাধিক ভারতীয় ক্রিকেটার পাকিস্তানের বিরুদ্ধে নামতে রাজি না হওয়ায় আয়োজকদের শেষ পর্যন্ত ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিতে হয়।
ভারতীয় দলের পদক্ষেপে ইতিমধ্যে মুখ খুলেছেন শাহিদ আফ্রিদি। ধাওয়ানকে ‘পচা ডিমে’র সঙ্গে তুলনা করেছেন। এবার সরব হলেন সলমন বাট। নিজের ইউটিউব চ্যানেলে যুবরাজদের কাঠগড়ায় তুলে তাঁর অভিযোগ, এই পদক্ষেপ শুধু সমর্থক নয়, ক্রিকেট খেলাকেও ভুল বার্তা পৌঁছে দেবে।
পাশপাশি ছুড়ে দেন হুঁশিয়ারি: ভারত যদি এতটাই কট্টর অবস্থান নিয়ে থাকে, তাহলে তাদের আইসিসি আয়োজিত কোনও টুর্নামেন্টেই পাকিস্তানের মুখোমুখি হওয়া উচিত নয়। সেটা হতে পারে বিশ্বকাপ, হতে পারে অলিম্পিক্স!
বাটের কথায়, ‘সারা দুনিয়া ওদের নিয়ে কথা বলছে। বিশ্বের তামাম ক্রিকেটভক্তের কাছে কোন বার্তা পৌঁছে দিল ভারত? কী দেখাতে চাইল? প্রমাণই বা কী করতে চাইল? এবার থেকে আমাদের বিরুদ্ধে বিশ্বকাপে খেলবে না, আমাদের বিরুদ্ধে আইসিসি টুর্নামেন্টে নামবে না—এটা প্রমিস করো।’
রাজনীতি রাজনীতির জায়গায়, খেলা খেলার জায়গায়—এই কথাটাই সাফ বুঝিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ওপেনার। বলেছেন, ‘সবকিছুর নিজস্ব পরিসর রয়েছে। কিন্তু এখন যখন তোমরা একটা বিষয়কে অন্য একটার সঙ্গে মিলিয়ে দেখতে চাইছ, তাহলে কোনও স্তরের টুর্নামেন্টেই আমাদের বিরুদ্ধে খেলো না। অলিম্পিক্সেও না। দয়া করে এটা অনুসরণ করো। আমি দেখার জন্য মুখিয়ে থাকব। ওরা কতটা জাতীয়তাবাদ দেখায়, নজর রাখব!’
তিনি একা নন, গোটা পাকিস্তান যে ভারতের এই সিদ্ধান্ত ভুলবে না, মনে করিয়ে দিয়েছেন সলমন। আফ্রিদির সুরে সুর মিলিয়ে তিনি গোটা বিষয়ের আড়ালে দু’তিনজন সিনিয়র ক্রিকেটারের দিকে আঙুল তুলেছেন। অভিযোগ: তাঁরাই ঘোঁট পাকিয়ে ম্যাচ বাতিল করেছেন। যদিও এই নিয়ে খুব একটা বিলাপ গাননি সলমন। স্রেফ চ্যলেঞ্জের সুরে বলেছেন, ‘দয়া করে এই জাতীয়তাবাদ বজায় রাখো। আমরা তোমাদের এটা মনে করাতে থাকব!’
প্রসঙ্গত, এই মুহূর্তে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ প্রায় এক যুগ বন্ধ। আন্তর্জাতিক মঞ্চেই একমাত্র মুখোমুখি হয় দুই দল, তা-ও আইসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত প্রতিযোগিতায়। কিন্তু এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস (WCL) একটি বেসরকারি টুর্নামেন্ট, যার সঙ্গে ভারতীয় বোর্ডের (বিসিসিআই) কোনও যোগ নেই। ফলে ম্যাচ খেলা-না খেলা সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত খেলোয়াড়রা স্বাধীনভাবেই নিতে পারেন।