বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূচি ঘোষণা করে ফেললেও বিসিসিআই এখনও আনুষ্ঠানিক সম্মতি দেয়নি। কারণ সিদ্ধান্তটা শুধু ক্রিকেটের নয়—কূটনৈতিক সম্পর্কের উপরেও নির্ভর করছে।
.jpeg.webp)
বাংলাদেশ টিম
শেষ আপডেট: 22 March 2026 15:48
দ্য ওয়াল ব্যুরো: আয়ারল্যান্ড সফর বাতিল করে ভারতের জন্য সেপ্টেম্বরের উইন্ডো ফাঁকা রাখল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board/BCB)। ‘ক্রিকবাজে’র রিপোর্ট অনুযায়ী, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে সাদা বলের সিরিজকে প্রাধান্য দিতেই এই সিদ্ধান্ত। বিসিবির প্রেস রিলিজ জানাচ্ছে, আগস্টের ২৮ তারিখ ভারত পৌঁছবে বাংলাদেশে। তিন ম্যাচের ওডিআই সিরিজ হবে যথাক্রমে ১, ৩ ও ৬ সেপ্টেম্বর। তারপর টি-২০ সিরিজ—৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর। কিন্তু একটাই সমস্যা—যাদের দরবারে নেমন্তন্ন পাঠানো হয়েছে, সেই ‘ভারত’ এখনও রাজি নয়!
আয়ারল্যান্ডকে ‘না’, ভারতের জন্য অপেক্ষা
সেপ্টেম্বরের উইন্ডোয় মূলত আয়ারল্যান্ড সফর ছিল। কিন্তু যখন টিম ইন্ডিয়ার বিরুদ্ধে খেলার সম্ভাবনা তৈরি হয়, বিসিবি 'ক্রিকেট আয়ারল্যান্ড'কে (Cricket Ireland) জিজ্ঞেস করে—চলতি বছর অন্য কোনও সময় কি নির্ঘণ্ট সরিয়ে নেওয়া যাওয়া সম্ভব? আয়ারল্যান্ড জবাবে সোজাসুজি জানিয়ে দেয়, সিরিজ পিছনো যাবে না। ফলে আপাতত সেটা জমা হল পরের বছরের খাতায়।
বিসিবির এক কর্তার কথায়, ‘ভারত সিরিজ গত বছর থেকে এই সেপ্টেম্বরে সরে আসার পর আমরা আয়ারল্যান্ডকে অনুরোধ করেছিলাম। তারা রাজি হয়নি। তাই সফর পিছিয়ে দেওয়া ছাড়া উপায় ছিল না!’
ভারতের সায় নেই, রাজনীতির ছায়া?
বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূচি ঘোষণা করে ফেললেও বিসিসিআই (BCCI) এখনও আনুষ্ঠানিক সম্মতি দেয়নি। কারণ সিদ্ধান্তটা শুধু ক্রিকেটের নয়—কূটনৈতিক সম্পর্কের উপরেও নির্ভর করছে। দু’দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে মোদী সরকারের ছাড়পত্র ছাড়া সিরিজ এক পা-ও এগোবে না।
উত্তেজনার শুরু কোথা থেকে?
টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) ভারতে অনুষ্ঠেয় গ্রুপ স্টেজ ম্যাচ খেলতে অস্বীকার করেছিল বাংলাদেশ। আইসিসি সেই আর্জি মানেনি। ফলে প্রতিযোগিতা থেকেই ছিটকে যায় তারা। এর আগে নাটকের পূর্বাঙ্ক জমে ওঠে আইপিএল-কে (IPL 2026) কেন্দ্র করে। দ্বিপাক্ষিক রাজনীতির ফলশ্রুতি হিসেবে কেকেআর তাদের পেসার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) দল থেকে ছেড়ে দেয়। সেই ঘটনাকে সামনে টেনে সম্পর্কে চিড় ধরার শুরু।
বিসিবি এখন আইসিসির দরজায়
শুধু ভারত নয়, পড়শি দেশের ক্রিকেট বোর্ডের অন্দরমহলে আরও একটা লড়াই চলছে। বাংলাদেশের জাতীয় ক্রীড়া পরিষদ বোর্ডের নির্বাচন প্রক্রিয়া খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের গেজেট সামনে এনেছে। এর প্রতিবাদে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) সঙ্গে ‘খোলামেলা’ আলোচনা শুরু করেছে বিসিবি। বোর্ডের বক্তব্য, তারা বিধিসম্মতভাবে নির্বাচিত এবং সংবিধান মেনে কর্মরত। এই অবসরে বাইরের হস্তক্ষেপ মানা যাবে না।
সব মিলিয়ে একদিকে ভারত সিরিজের অনিশ্চয়তা, অন্যদিকে ঘরোয়া রাজনৈতিক চাপ—বাংলাদেশে (BCB vs ICC, India Bangladesh cricket series 2026) এখন দুটো ফ্রন্টে লড়াই।