দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শূন্য রানে ২ উইকেট হারায় ভারত। তখন মনে হচ্ছিল ইনিংসে পরাজয় কেবলমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু ভারত অধিনায়ক শুভমান গিলের (Shubhman Gill) মাথায় হয়তো ঘুরপাক খাচ্ছিল পালটা দেওয়ার চিন্তাভাবনা।

শুভমান গিল ও লোকেশ রাহুল
শেষ আপডেট: 26 July 2025 23:40
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড বনাম ভারতের চলতি টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচের (England vs India Fourth Test) চতুর্থ দিনে ঘটনার ঘনঘটা। অধিনায়ক বেন স্টোকসের ব্যাটে ভর করে ম্যাঞ্চেস্টার টেস্টে (Manchester) রানের পাহাড় তৈরি করে ইংল্যান্ড। এদিন বেশ কিছু রেকর্ড করেছেন স্টোকস।
এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শূন্য রানে ২ উইকেট হারায় ভারত। তখন মনে হচ্ছিল ইনিংসে পরাজয় কেবলমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু ভারত অধিনায়ক শুভমান গিলের (Shubhman Gill) মাথায় হয়তো ঘুরপাক খাচ্ছিল পালটা দেওয়ার চিন্তাভাবনা। তাঁর ও লোকেশ রাহুলের (Lokesh Rahul) দৃঢ়তায় কিছুটা হলেও ম্যাচে ফিরেছে টিম ইন্ডিয়া।
এই টেস্টে ভারত হয়তো জিতবে না, তবে রাহুল গিল জুটি যেভাবে লড়াই করছেন তাতে অন্তত সম্মানজনক ড্র হতে পারে।
চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড। বাজবল ক্রিকেটের নমুনা দেখিয়ে ভারতীয় বোলিংকে হেলায় উড়িয়ে দিয়ে ৬৬৯ রান করে ম্যাককালামের ছাত্ররা। রানের পাহাড়ে চড়ে ইংল্যান্ড ভারতের সামনে লিড রাখে ৩১১ রানের। ম্যাঞ্চেস্টারে শুভমন গিলদের সামনে এখন ইনিংসে হার বাঁচানোর লড়াই।
আর সেই লক্ষ্যে নেমে পরপর ২ উইকেট খুইয়ে কার্যত কিছুটা ব্যাকফুটে চলে যায় ভারত। তবে লড়ছেন অধিনায়ক শুভমন গিল ও কেএল রাহুল। দিনের শেষে ২ উইকেট হারিয়ে ১৭৪ রান করেছে ভারত। ৭৮ রান করে ক্রিজে রয়েছেন গিল। অন্যদিকে রাহুল অপরাজিত ৮৭ রানে। ভারত এখনও পিছিয়ে রয়েছে ১৩৭ রানে।
তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান ছিল ৭ উইকেটে ৫৪৪। চতুর্থ দিনের শুরুতে বুমরার বলে লিয়াম ডসন (২৬) আউট হলেও ইংল্যান্ড অধিনায়ক ছিলেন অপ্রতিরোধ্য। দুর্দান্ত শতরান হাঁকান স্টোকস। ব্রাইডন কার্সকে সঙ্গে নিয়ে ৯৫ রানের পার্টনারশিপ গড়েন তিনি। সেঞ্চুরির পর নিজের ব্যাটিং গিয়ার কার্যত পরিবর্তন করেন স্টোকস। ১৬৪ বলে তিনি সেঞ্চুরি করেনা। বাকি ৪১ রান করলেন ৩৪ বলে। শেষমেশ জাদেজার বলে বাউন্ডারি লাইনের সামনে তাঁর ক্যাচ ধরলেন সাই সুদর্শন। ১৪১ রানে ফিরলেন স্টোকস।
এরপর ব্যক্তিগত ৪৭ রানের মাথায় আউট হন কার্স। তাঁকে ফেরান জাদেজাই। ততক্ষণে ৬৬৯ রানের পাহাড়ে চেপে বসেছে ইংল্যান্ড। টিম ইন্ডিয়ার হয়ে রবীন্দ্র জাদেজা নেন ৪ উইকেট। বুমরাহ এবং ওয়াশিংটন সুন্দর নেন ২টি করে উইকেট। সিরাজ এবং অংশুল কম্বোজ নেন ১টি করে উইকেট।
বিশাল রানের বোঝা মাথায় নিয়ে গিলরা দ্বিতীয় ইনিংসে কতটা লড়াই চালান, তার ওপর নির্ভর করছে সিরিজে ভারতের ভাগ্য। কারণ, এই টেস্টে হারলেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে টিম ইন্ডিয়ার।