শুভমান হলেন এজবাস্টন মাঠে সেঞ্চুরি করা দ্বিতীয় ভারতীয় অধিনায়ক। এর আগে অধিনায়ক হিসাবে এই মাঠে সেঞ্চুরি করেছিলেন একমাত্র বিরাট কোহলি।

শুভমান গিল
শেষ আপডেট: 3 July 2025 12:44
দ্য ওয়াল ব্যুরো: ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের (England vs India Test Series) দ্বিতীয় ম্যাচটি (Second Test) বার্মিংহামের এজবাস্টনে চলছে। প্রথম দিন স্টাম্প ঘোষণার সময় ভারতের রান ছিল পাঁচ উইকেট হারিয়ে ৩১০ রান করেছে। অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন অধিনায়ক শুভমান গিল (Shubhman Gill) ১১৪ ও রবীন্দ্র জাদেজা ৪১ রানে। এখন পর্যন্ত এই দু’জনের জুটিতে উঠেছে ৯৯ রান।
ইংল্যান্ডে টানা দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি পেলেন গিল। এতদিন গিল প্রসঙ্গে সমালোচকরা বলতেন, তিনি সেনা দেশে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া) রান পান না। কিন্তু অধিনায়ক হওয়ার পর এই ‘পাঞ্জাব পুত্তর’ সমালোচনার যোগ্য জবাব দিয়ে চলেছেন। এটি ছিল অধিনায়ক হিসাবে গিলের দ্বিতীয় সেঞ্চুরি এবং টেস্টে সপ্তম সেঞ্চুরি।
এর আগে অবশ্য ইংল্যান্ডে গিলের রেকর্ড খুব একটা ভাল ছিল না। কিন্তু এই সফরে দায়িত্ব নেওয়ার পর তাঁর মধ্যে বিরাট পরিবর্তন দেখা গিয়েছে। শুভমান হলেন এজবাস্টন মাঠে সেঞ্চুরি করা দ্বিতীয় ভারতীয় অধিনায়ক। এর আগে অধিনায়ক হিসাবে এই মাঠে সেঞ্চুরি করেছিলেন একমাত্র বিরাট কোহলি (Virat Kohli)। চার নম্বরে ব্যাট করতে নামার পর থেকেই যেন অন্য মেজাজে গিল, এর আগে যে পজিশনে ব্যাট করতেন বিরাট কোহলি।
এজবাস্টনে সেঞ্চুরি করা ভারতীয়দের তালিকায় এখন গিলের নাম যুক্ত হয়েছে। তাঁর আগে শচীন তেন্ডুলকর, বিরাট কোহলি, ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা সেঞ্চুরি করেছিলেন এই মাঠে।
১৯৯৬ সালে এই মাঠে শচীন ১২২ রান করেছিলেন, বিরাট ২০১৮ সালে এজবাস্টনে করেছিলেন ১৪৯ রান। ২০২২ সালে এখানে শতরানের ইনিংস খেলেছিলেন ঋষভ পন্থ (১৪৬) ও রবীন্দ্র জাদেজা (১০৪)।
গিল হলেন দ্বিতীয় ভারতীয় অধিনায়ক যিনি ইংল্যান্ডে টানা দু’টি টেস্টে সেঞ্চুরি করেছেন। এজবাস্টনের আগে লিডসে গিল ১৪৭ রান করেছিলেন। এর আগে ১৯৯০ সালে, ইংল্যান্ড সফরে লর্ডস টেস্টে অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন (Mohammad Azharuddin) ১২১ রান করেছিলেন। এর পরে, ম্যাঞ্চেস্টারে খেলা পরবর্তী টেস্টে আজহার করেন ১৭৯ রান।
ইংল্যান্ডে টানা দুই টেস্টে সেঞ্চুরি করা ভারতীয় অধিনায়ক:
খেলোয়াড় | গ্রাউন্ড (বছর) | রান |
|---|---|---|
মহম্মদ আজহারউদ্দিন | লর্ডস, ১৯৯০ | ১২১ |
| ম্যানচেস্টার, ১৯৯০ | ১৭৯ |
শুভমান গিল | লিডস, ২০২৫ | ১৪৭ |
| এজবাস্টন, ২০২৫ | ১১৪* |
অধিনায়ক হিসাবে প্রিন্স গিলের প্রথম তিনটি ইনিংসে রান ছিল ১৪৭, ৮ এবং ১১৪* রান। অন্যদিকে, অধিনায়ক হিসাবে কোহলির প্রথম তিনটি ইনিংসে ছিল ১১৫ রান, ১৪১ রান এবং ১৪৭ রান। এই দুই ক্ষেত্রে অনেক মিল রয়েছে। অধিনায়ক হিসাবে গিল তাঁর প্রথম ম্যাচের (লিডসে) প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। কিং কোহলি ২০১৪ সালে তাঁর অধিনায়কত্বের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১১৫ রান এবং দ্বিতীয় ইনিংসেও ১৪১ রান করেন। গিল তাঁর প্রথম ইনিংসে চার নম্বরে নেমে সেঞ্চুরি করেছিলেন। কোহলিও ২০১৩ সালে একই কাজ করেছিলেন। ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা সফরের আগে কোহলি কখনও চার নম্বরে ব্যাট করেননি। ওয়ান্ডারার্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার নম্বরে অভিষেক করে কোহলি তাঁর প্রথম ইনিংসে ১১৯ রান করেছিলেন।
অধিনায়ক হিসেবে গিল এবং কোহলির প্রথম তিনটি ইনিংস:
খেলোয়াড় | ইনিংস (রান/বল) | ইনিংস (রান/বল) | ইনিংস (রান/বল) |
|---|---|---|---|
বিরাট কোহলি | ১১৫ (২৬৭) | ১৪১ (২৭৯) | ১৪৭ (২৩০) |
শুভমান গিল | ১৪৭ (২২৭) | ৮ (১৬) | ১১৪* (২১৬) |