আমি কাউকে দোষ দিতে চাই না, নিজেকেও নয়। আমি শুধু ক্রিকেটে মনসংযোগ করতে চাই। আমার বিতর্কের প্রয়োজন নেই।

মহম্মদ সামি ও হাসিন জাহান। ফাইল ছবি
শেষ আপডেট: 29 August 2025 13:27
দ্য ওয়াল ব্যুরো: ভারতের সেরা ফাস্ট বোলারদের মধ্যে অন্যতম মনে করা হয় মহম্মদ সামিকে (Mohammed Shami)। আদতে উত্তরপ্রদেশের হলেও সামির ক্রিকেট কেরিয়ারের পুরোটাই বাংলার হয়ে কেটেছে। এখান থেকেই তাঁর উত্থান। এরপর সুযোগ আসে ভারতীয় দলে। টিম ইন্ডিয়া জার্সিতে ইতিমধ্যে ৬৪টি টেস্ট খেলে ২২৯টি উইকেট দখল করেছেন এই পেসার। নিজের দিনে একার হাতে বিপক্ষের ইনিংস শেষ করার ক্ষমতা রয়েছে তাঁর।
৩ সেপ্টেম্বর ৩৫ বছরে পা দেবেন সামি। তবে চোট বারাবার তাঁকে পিছিয়ে দিলেও প্রত্যাবর্তনের ইতিহাস রয়েছে তাঁর নামের সঙ্গে। যদিও সম্প্রতি তাঁর সময়টা ভাল যাচ্ছে না। এই মুহূর্তে তিনি ভারতীয় দলের বাইরে রয়েছেন। পাশাপাশি পারিবারিক সমস্যাও তাঁর পিছু ছাড়ছে না। তাঁর প্রাক্তন স্ত্রী হাসিন জাহান (Hasin Jahan) ক্রমাগত সামির বিরুদ্ধে অভিযোগ তুলে চলেছেন।
গত কয়েক বছর ধরেই অবশ্য মহম্মদ সামির বৈবাহিক জীবনে (Marriage Life) সমস্যা চলছে। ২০১৪ সালে হাসিনের সঙ্গে বিয়ে হয় এই ভারতীয় পেসারের। সামি যখন নাইট শিবিরের সদস্য ছিলেন তখন পরিচয় হয় চিয়ার লিডার হাসিনের সঙ্গে। সেই পরিচিতি থেকে বন্ধুত্ব, আর তারপর বিয়ে। হাসিনের আগের পক্ষের একটি কন্যাও ছিল। পরে অবশ্য এই যুগলের একটি কন্যা সন্তান হয়। তবে তাঁদের মধুচন্দ্রিমা খুব দ্রুত শেষ হয়ে যায়।
চার বছর পর থেকেই আলাদা থাকতে শুরু করে এই যুগল। সেই সময় হাসিন অভিযোগ করেন, সামি ও তাঁর পরিবার মানসিক ও শারীরীক অত্যাচার করছে। নিউজ চ্যানেল ও সোশ্যাল মিডিয়ায় একের পর এক অভিযোগ তুলতে শুরু করেন। চলতি মাসের প্রথম দিকে তিনি সামির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনে বলেন, এই ভারতীয় পেসারের মহিলাদের প্রতি আসক্তি রয়েছে।
এর আগেও অবশ্য একই ধরনের অভিযোগ এনেছিলেন হাসিন। পাশাপাশি এমন অভিযোগও করেছিলেন যে, বাংলার এই পেসারের সঙ্গে জুয়াড়িদেরও যোগাযোগ রয়েছে। যদিও কোনও অভিযোগই ধোপে টেকেনি। এবার হাসিন অভিযোগ করেছেন, নিজের সন্তানের প্রতি কোনও দায়বদ্ধতা নেই সামির। নিজের মেয়ে আর্যার পড়াশুনার দিকে, ভবিষ্যতের দিকে কোনও নজর নেই সামির। কিন্তু পয়সা ওড়াচ্ছেন রক্ষিতার সন্তানদের জন্য।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন মহম্মদ শামি। সেখানে বলেছেন, অতীতের সঙ্গে লড়াই করতে চান না তিনি। যখন তাঁকে প্রশ্ন করা হয়, বিয়ে নিয়ে অনুতপ্ত কি না, সামি সাফ বলে দেন, “এই প্রসঙ্গ ছেড়ে দিন। আমি অতীত নিয়ে মোটেও অনুতপ্ত নই। যা চলে গিয়েছে, তা চলে গিয়েছে। আমি কাউকে দোষ দিতে চাই না, নিজেকেও নয়। আমি শুধু ক্রিকেটে মনসংযোগ করতে চাই। আমার বিতর্কের প্রয়োজন নেই।”
অবশ্য মহম্মদ সামিই একমাত্র ক্রিকেটার নন, যাঁর বৈবাহিক জীবনে সমস্যা রয়েছে। সম্প্রতিকালের ক্রিকেটারদের মধ্যে এই তালিকায় রয়েছেন শিখর ধাওয়ান, যুজবেন্দ্র চাহালও। শিখরের সঙ্গে আয়েষা মুখোপাধ্যায় ও চাহালের সঙ্গে ধনশ্রী বর্মার সম্পর্ক বর্তমানে বেশ চর্চায় রয়েছে। এই বিষয়ে মহম্মদ সামিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আপনারা সাংবাদিক। আপনারাই তদন্ত করুন। আপনারা কী চাইছেন? ফাঁসির আদেশ দিয়ে আমাদের মৃত্যুদণ্ড? অন্য দিকগুলিও দেখুন। আমি ক্রিকেটে মনোযোগ দিতে চাই, বিতর্কে নয়।”