স্যামির বক্তব্য, সমস্যা যেটুকু দেখা যাচ্ছে, তা হিমশৈলের চূড়ামাত্র। তাঁর মতে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের গলদ মূলত সিস্টেমের—অর্থের অভাব, পরিকাঠামোয় পিছিয়ে থাকা এবং প্রতিভা ধরে রাখার ব্যর্থতা।

ড্যারেন স্যামি
শেষ আপডেট: 8 October 2025 18:22
দ্য ওয়াল ব্যুরো: ভারত সফরে (India Tour) আরও একটি পরাজয়। প্রথম টেস্টেই ইনিংসে হার। যার জেরে বিপর্যস্ত ওয়েস্ট ইন্ডিজ (West Indies) ক্রিকেট। ইনিংস ও ১৪০ রানে অসহায় আত্মসমর্পণের পর সমালোচনার ঝড় উঠেছে দ্বীপপুঞ্জজুড়ে। আর সেই ঝড়ের লক্ষণ ও কারণ নিয়ে অকপট স্বীকারোক্তি দলের প্রধান কোচ ও প্রাক্তন অধিনায়ক ড্যারেন স্যামির (Darren Sammy)। তাঁর স্পষ্ট মন্তব্য—‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সমস্যা আজকের নয়, সিস্টেমেই ক্যানসার ঢুকে পড়েছে!’
দ্বিতীয় টেস্টের আগে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে স্যামি বলেন, ‘শেষবার আমরা ভারতে কোনও টেস্ট সিরিজ জিতেছিলাম ১৯৮৩ সালে। তখন আমার জন্মই হয়নি!’ কথাটা বলেই হাল্কা হাসি, তারপর গলায় গাম্ভীর্য টেনে সংযোজন—‘জানি, এখন আমি সমালোচনার কেন্দ্রে। কিন্তু এই অবস্থা দু’বছরের ফল নয়, এর শিকড় বহু পুরোনো!’
এ পর্যন্ত বলে নিজের বক্তব্যকে আরও স্পষ্ট করে দেন স্যামি। বলেন—‘এটা এমন এক রোগ, যা শরীরের গভীরে ছড়িয়ে গেছে। যেমন, ক্যানসার। যদি সময়মতো চিকিৎসা না হয়, তার পরিণতি সবাই জানে। আমাদের সমস্যাও তেমন—বাইরে যা দেখা যাচ্ছে, সেটা নকল। বিপর্যয়ের শিকড় লুকিয়ে আছে সিস্টেমের ভেতরেই।’
স্যামির বক্তব্য, সমস্যা যেটুকু দেখা যাচ্ছে, তা হিমশৈলের চূড়ামাত্র। তাঁর মতে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের গলদ মূলত সিস্টেমের—অর্থের অভাব, পরিকাঠামোয় পিছিয়ে থাকা এবং প্রতিভা ধরে রাখার ব্যর্থতা। তিনি বলেন, ‘শুধু তাদের নিয়েই কাজ করতে পারি, যারা চেষ্টা করতে চায়। কিন্তু বাস্তবে অন্যান্য দেশের সঙ্গে আমাদের তুলনাই চলে না। তাই অভিযোগ না করে আমি ছেলেদের বলি—যা আছে, তাতেই সর্বোচ্চটা দাও!’
প্রথম টেস্টে হারের পর ফের আলোচনায় এসেছে ‘ওয়েস্ট ইন্ডিয়ান স্পিরিটে’র হারিয়ে যাওয়ার প্রসঙ্গ। যে দল একসময় বিশ্ব ক্রিকেট কাঁপাত, আজ তারা প্রতিটি ধাপে পিছিয়ে। মাঠের লড়াইয়ে ধুঁকছে। স্যামি অবশ্য আশা ছাড়ছেন না। বলেছেন, ‘সমস্যা অনেক, কিন্তু আমি বিশ্বাস করি, পরিশ্রম আর গর্বের সঙ্গে খেললে ধীরে ধীরে বদল আনতে পারব।’