
বর্ডার গাভাসকার ট্রফির জন্য অনুশীলন সারছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল
শেষ আপডেট: 18 November 2024 16:48
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট দল বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছে। দুটো দলের মধ্যে আগামী ২২ নভেম্বর থেকে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। এই সিরিজ শুরুর আগে বড়সড় ধাক্কা খেল টিম অস্ট্রেলিয়া। ক্যাঙারু ব্রিগেডের অ্যাসিস্ট্যান্ট কোচ ড্যানিয়েল ভেত্তোরি পারথে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচে থাকতে পারবেন না। কারণ ২০২৫ আইপিএল মেগা অকশনে তিনি উপস্থিত থাকবেন।
আইপিএল টুর্নামেন্টে সানরাইজার্স হায়দরাবাদ দলের হেড কোচ হলেন ড্যানিয়েল ভেত্তোরি। যদিও এই ব্যাপারে তিনি ক্রিকেট অস্ট্রেলিয়াকে ইতিমধ্য়ে জানিয়ে দিয়েছেন। আর সেকারণেই তিনি ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচে থাকতে পারবেন না। প্রসঙ্গত, সৌদি আরবের জেদ্দা শহরে এই মেগা অকশন আয়োজন করা হবে।
ইতিমধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকেও স্পষ্ট করে দেওয়া হয়েছে, ড্যানিয়েল ভেত্তোরি পারথ টেস্টে থাকতে পারবেন না। বোর্ডের মুখপাত্র জানিয়েছেন, 'সানরাইজার্স হায়দরাবাদ দলের হেড কোচ হিসেবে আমরা ড্যানিয়েল ভেত্তোরিকে সম্পূর্ণ সমর্থন করি। প্রথম টেস্ট ম্য়াচ শুরুর আগে ড্যান দলকে সম্পূর্ণ প্রস্তুত করে যাবেন। তবে বর্ডার-গাভাসকার ট্রফির বাকি ম্য়াচগুলোয় তিনি অস্ট্রেলিয়া দলের সঙ্গেও থাকবেন।'
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট ম্য়াচ আগামী ২২ থেকে ২৬ নভেম্বর আয়োজন করা হবে। অন্যদিকে, ২০২৫ আইপিএল টুর্নামন্টের মেগা অকশন আগামী ২৪ এবং ২৫ নভেম্বর আয়োজন করা হবে। এই পরিস্থিতিতে দুটো ইভেন্টের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে সানরাইজার্স হায়দরাবাদ দলের হেড কোচ ড্যানিয়েল ভেত্তোরি, জাস্টিন ল্যাঙ্গার (লখনউ সুপার জায়ান্টস) এবং রিকি পন্টিং (পঞ্জাব কিংস) একসঙ্গে বিমান ধরবেন।