ছাত্র ও বিশেষভাবে সক্ষম দর্শকদের জন্য নির্দিষ্ট গ্যালারি ও আলাদা কোটা রাখা হয়েছে, যাতে আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা আরও বেশি মানুষের কাছে পৌঁছয়।

ছবি: গুগল
শেষ আপডেট: 29 December 2025 12:12
দ্য ওয়াল ব্যুরো: আসন্ন বছর দেশের মাটিতে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের পর্দা নামবে ইন্দোরে। ১৮ জানুয়ারি, হোলকার স্টেডিয়ামে (Holkar Stadium) ভারত–নিউজিল্যান্ড (India vs New Zealand) তিন ম্যাচের ওডিআই সিরিজের শেষ ম্যাচ। যাকে ঘিরে আগেভাগেই বাড়তি আকর্ষণ—ছাত্র ও বিশেষভাবে সক্ষম দর্শকদের জন্য বিশেষ টিকিট-ছাড়ের ঘোষণা করেছে মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থা (Madhya Pradesh Cricket Association)।
অনলাইনেই বিক্রি, ‘বিশেষ’ কোটা
এই ম্যাচের সমস্ত টিকিট—সাধারণ দর্শক, ছাত্রছাত্রী ও বিশেষভাবে সক্ষম—একমাত্র অনলাইনে বিক্রি হবে। এমপিসিএ-র (MPCA) অফিসিয়াল টিকিটিং পার্টনার ‘ডিস্ট্রিক্ট বাই জোমাটো’ (District by Zomato) মারফত তা কাটা যাবে। মাঠে কোনও অফলাইন কাউন্টার থাকছে না। এতদূর সাদামাটা হলেও ছাত্র ও বিশেষভাবে সক্ষম দর্শকদের জন্য নির্দিষ্ট গ্যালারি ও আলাদা কোটা রাখা হয়েছে, যাতে আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা আরও বেশি মানুষের কাছে পৌঁছয়। আর এই উদ্যোগকে কেন্দ্র করেই শুরু হয়েছে চর্চা।
ছাত্রদের জন্য ছাড়: আবেদন কীভাবে?
এমপিসিএ বরাবরের মতো ছাত্রদের জন্য বিশেষ ছাড় রেখেছে। ইস্ট স্ট্যান্ডের (East Stand) লোয়ার ও সেকেন্ড ফ্লোরে সীমিত সংখ্যক কনসেশন টিকিট পাওয়া যাবে।
ইস্ট স্ট্যান্ড (লোয়ার): ৭৫০ টাকা
ইস্ট স্ট্যান্ড (সেকেন্ড ফ্লোর): ৯৫০ টাকা
প্রত্যেক ছাত্র একটি টিকিটই কিনতে পারবেন। প্রক্রিয়ার মোট দু’ধাপ—
প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন এবং তারপর বৈধ ছাত্র পরিচয়পত্র বা সাম্প্রতিক শিক্ষাগত নথি আপলোড করতে হবে। এমপিসিএ যাচাইয়ের পর হোয়াটসঅ্যাপ বা ইমেলে একটি কনফার্মেশন লিঙ্ক পাঠানো হলে সেখান থেকেই টিকিট কেনা যাবে। রেজিস্ট্রেশন শুরু ৩১ ডিসেম্বর সকাল ১১টা থেকে। কোটা শেষ হলে বা ১ জানুয়ারি বিকেল ৫টা—যেটা আগে—তখনই প্রক্রিয়া বন্ধ হবে।
বিশেষভাবে সক্ষমদের জন্য আলাদা ব্যবস্থা
বিশেষভাবে সক্ষম দর্শকদের জন্যও এমপিসিএ রেখেছে আলাদা কোটা। টিকিটের দাম: ৩০০ টাকা। গ্যালারি: নর্থ-ইস্ট গ্যালারি (North-East Gallery)। এক্ষেত্রে সরকার স্বীকৃত প্রতিবন্ধকতার সার্টিফিকেট আপলোড করা বাধ্যতামূলক। প্রতি ব্যক্তি একটি টিকিটই কিনতে পারবেন। হুইলচেয়ার লাগলে তা দর্শকদের নিজেদেরই সঙ্গে আনতে হবে—ম্যাচের দিন আলাদা করে ব্যবস্থা থাকবে না।
সাধারণ টিকিটের দাম
এই ম্যাচের সাধারণ টিকিটের দাম শুরু ৮০০ টাকা থেকে, সর্বোচ্চ ৭ হাজার টাকা। স্ট্যান্ড ও প্যাভিলিয়ন অনুযায়ী দাম হেরফের হবে। অনলাইন পেমেন্টের ক্ষেত্রে গেটওয়ে ও কুরিয়ার চার্জ আলাদা লাগতে পারে।
বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma) হতে চলেছেন ম্যাচের মূল আকর্ষণ। চোট সারিয়ে ফেরা শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে নামবে ভারতীয় দল। সিরিজের স্কোয়াড ঘোষণা করবে বিসিসিআই (Board of Control for Cricket in India), জানুয়ারির প্রথম সপ্তাহে।