ভারতের হয়ে তাঁর বর্ণাঢ্য টেস্ট কেরিয়ার সম্মানজনক বিদায়ের যোগ্য ছিল।

শশী থারুর ও চেতেশ্বর পূজারা
শেষ আপডেট: 25 August 2025 14:14
দ্য ওয়াল ব্যুরো: রবিবার ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিংয়ের মেরুদণ্ড চেতেশ্বর পূজারা ক্রিকেটকে বিদায় (Cheteshwar Pujara’s Retirement) জানিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন। ৩৭ বছর বয়সি এই ক্রিকেটার দলীপ ট্রফির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং টিম ইন্ডিয়ায় প্রত্যাবর্তনের চেষ্টা করছিলেন বলে জানা গিয়েছিল। কিন্তু হঠাৎ করেই তাঁর এই অবসরে সকলেই হতবাক। যদিও বহুদিন ধরেই তিনি জাতীয় দলে ব্রাত্য। ১০৩টি টেস্ট খেলা পূজারা দুই বছর আগে ভারতের হয়ে তাঁর শেষ ম্যাচটি খেলেছেন।
পূজারার অবসর প্রসঙ্গে প্রাক্তন ক্রিকেটাররা নিজেদের মনোভাব জানিয়েছেন। সকলেরই আক্ষেপ ভারতীয় দলের এই লড়াকু ক্রিকেটার নিজের বিদায়ী টেস্ট খেলার সুযোগটুকুও পেলেন না। জাতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বলেছেন, পূজারা ছিলেন প্রকৃত যোদ্ধা। ভারতের কিংবদন্তি ওপেনার সুনীল গাভাসকর বলেছেন, চেতেশ্বর ছিলেন প্রাচীন ঘরানার ক্রিকেটার, যিনি দেশের জন্য সর্বস্ব করতে পারতেন। মাস্টার-ব্লাস্টার শচিন তেন্ডুলকার বলেছেন, ভারতীয় ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন পূজারা। তাঁর পরবর্তী ইনিংস সুখের হোক।
এবার পূজারার অবসর প্রসঙ্গে মুখ খুললেন কংগ্রেস সাংসদ শশী তারুর (Sashi Tharoor)। ভারতীয় ক্রিকেট থেকে পূজারার আকস্মিক অবসর নিয়ে বলেছেন, অবসরের সময় তাঁর 'সম্মানজনক বিদায়' পাওয়া উচিত ছিল।
I can’t help feeling a pang of regret at the retirement of @cheteshwar1. Even if it was inevitable after his recent string of exclusions from the Indian team, and even if he has nothing left to prove, he deserved a little longer in the saddle and a dignified farewell worthy of… pic.twitter.com/sOwotYcjH8
— Shashi Tharoor (@ShashiTharoor) August 24, 2025
শশী তারুর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “চেতেশ্বর পূজারার অবসরের খবরে আমি গভীরভাবে দুঃখিত। তবে, সম্প্রতি ভারতীয় দল থেকে বাদ পড়ার পর (সম্ভাব্যভাবেই) এটি অনিবার্য ছিল এবং যদিও তাঁর কাছে প্রমাণ করার মতো কিছুই অবশিষ্ট নেই। তবুও তিনি আরও কিছুদিন খেলতে পারতেন। ভারতের হয়ে তাঁর বর্ণাঢ্য টেস্ট কেরিয়ার সম্মানজনক বিদায়ের যোগ্য ছিল। যখন তাঁকে বাদ দেওয়া হয়, তখন তিনি তাঁর মানসিক দৃঢ়তা নিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরে আসেন এবং প্রচুর রান করেন। কিন্তু নির্বাচকরা এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এই সিদ্ধান্তের জন্য তাঁদেরও দোষ দেওয়া যায় না।”
পূজারার স্ত্রীর লেখা বই নিয়েও লিখেছেন এই প্রবীণ রাজনীতীবিদ। থারুর তাঁর পোস্টে লিখেছেন, “আমি তাঁর স্ত্রীর লেখা 'একজন ক্রিকেটারের স্ত্রীর ডায়েরি' পড়ছি। পড়ার সময় ভাবছিলাম যে, পূজারা যা অর্জন করেছেন তা অর্জন করতে তাঁর কতটা সময় লেগেছে। ২০ বছর আগে ইন্ডিয়া-এ দলের হয়ে ইংল্যান্ড সফরে ধারাবাহিক রান করে ও বুঝিয়ে দিয়েছিল পরবর্তী স্তরের জন্য প্রস্তুত। নির্বাচকরাও একমত হয়েছিলেন। পূজারা তাঁর অভিষেক ম্যাচের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ৭২ রান করেছিলেন।এর পরে কয়েকটি ব্যর্থতা সত্ত্বেও, তিনি তিন নম্বরে ভারতের মিস্টার ডিপেন্ডেবল হয়ে ওঠেন। গত অস্ট্রেলিয়া সফরে তাঁকে খুব মিস করেছি। চেতেশ্বর পূজারাকে শুভেচ্ছা! ভারতীয় ক্রিকেটে আপনার বছরের পর বছর সেবার জন্য ধন্যবাদ।”