এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পষ্ট করে দিয়েছিল, তারা ভারত সফরে এসে বিশ্বকাপ খেলতে প্রস্তুত নয়। শনিবার আইসিসির সঙ্গে বৈঠকে সেই অবস্থানই ফের জোরালো হয়েছে।
.jpeg.webp)
আয়ারল্যান্ড ক্রিকেট টিম
শেষ আপডেট: 18 January 2026 14:46
দ্য ওয়াল ব্যুরো: টি–২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) ঘিরে বাংলাদেশের অবস্থান নিয়ে বিতর্ক নতুন মোড় নিয়েছে। ভারত সফরে খেলতে অনিচ্ছুক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board) এবার সরাসরি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (International Cricket Council) কাছে চমকপ্রদ প্রস্তাব রেখেছে—গ্রুপ বদলে দেওয়া হোক। অর্থাৎ, বাংলাদেশের গ্রুপ বদলে আয়ারল্যান্ডের জায়গায় পাঠানো হোক, যাতে গ্রুপ পর্বের সব ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলা যায়।
এই প্রস্তাব সামনে আসতেই দ্রুত প্রতিক্রিয়া দিল ক্রিকেট আয়ারল্যান্ড (Cricket Ireland)। সংস্থার পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, তাদের সূচি বদলাচ্ছে না। ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্তা ক্রিকবাজকে জানান, ‘আমরা স্পষ্ট আশ্বাস পেয়েছি, যে মূল সূচি অনুযায়ীই খেলব। গ্রুপ পর্বের সব ম্যাচ আমরা শ্রীলঙ্কাতেই খেলছি।’
বর্তমান নির্ঘণ্ট অনুযায়ী আয়ারল্যান্ড গ্রুপ বি–তে। সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে ও ওমান। অন্যদিকে বাংলাদেশ গ্রুপ সি–তে—যেখানে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। এই গ্রুপের ম্যাচগুলি হওয়ার কথা কলকাতা ও মুম্বইয়ে।
এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পষ্ট করে দিয়েছিল, তারা ভারত সফরে এসে বিশ্বকাপ খেলতে প্রস্তুত নয়। শনিবার আইসিসির সঙ্গে বৈঠকে সেই অবস্থানই ফের জোরালো হয়েছে। বিসিবি-র বক্তব্য, নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে—খেলোয়াড়, সমর্থক, মিডিয়া ও সংশ্লিষ্ট সব পক্ষের জন্যই। বোর্ডের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আলোচনায় বাংলাদেশ সরকারের মতামত এবং নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ তুলে ধরা হয়েছে। পাশাপাশি, ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে সমস্যা মেটাতে গ্রুপ বদলের সম্ভাবনাও আলোচনায় এসেছে।’
তবে আয়ারল্যান্ডের সাফ জবাবের পরে পরিস্থিতি স্পষ্ট—গ্রুপ বদলের প্রস্তাব মানা হচ্ছে না। এখন প্রশ্ন একটাই, আইসিসি শেষ পর্যন্ত বাংলাদেশের অনুরোধ নিয়ে কী সিদ্ধান্ত নেয়। বিশ্বকাপের সূচি নিয়ে টানাপড়েন এখানেই থামছে না, তা বলাই বাহুল্য।